দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৭২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক নতুন আক্রান্তদের […]
ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৭২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৩ জন। এছাড়া বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫২ জন, খুলনা বিভাগে ৪৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে ৩৪৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৭৫৩ জন। এ সময়ে মারা গেছেন ১৯ জন। আগের দিন রোববার একজনের মৃত্যু এবং ৪৭৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৭ জনে। এ সময়ে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাইয়ের প্রথম ২০ দিনেই ১৯ জনের মৃত্যু হয়েছে।
এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে প্রাণ হারিয়েছেন ১৯ জন। অন্যদিকে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ, যেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬০৫ জন।
পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী।