দেশে চলমান হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭৬ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে […]
ছবি: সংগৃহীত
দেশে চলমান হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৭৬ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ৭০২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৯ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৪৯ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯৭ হাজার ৫২২ জন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৩১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৬ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকা নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা অত্যন্ত জরুরি। দেশে চলমান টিকাদান কার্যক্রম আরও জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।