সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫৯ অপরাহ্ন, ১৯ মে ২০২৬

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ইবোলা, কঙ্গোতে বাড়ছে মৃত্যু ও আতঙ্ক

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গোতে নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির আশঙ্কা, ভাইরাসটি ধারণার তুলনায় অনেক দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ইবোলায় অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পাঁচ শতাধিক মানুষের মধ্যে সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে বলে […]

ধারণার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ইবোলা, কঙ্গোতে বাড়ছে মৃত্যু ও আতঙ্ক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গোতে নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির আশঙ্কা, ভাইরাসটি ধারণার তুলনায় অনেক দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ইবোলায় অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পাঁচ শতাধিক মানুষের মধ্যে সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে বলে সন্দেহ করা হচ্ছে। ইতোমধ্যে ভাইরাসটি প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে এবং সেখানে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের ইতুরি অঞ্চলকে সংক্রমণের কেন্দ্র হিসেবে ধরা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আক্রান্তদের অনেকেই অল্প সময়ের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংক্রমণ ঠেকাতে মানুষজন হাত ধোয়া ও ব্যক্তিগত সতর্কতার মতো মৌলিক স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছে। তবে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ও চিকিৎসা সহায়তার অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অনেকে জানিয়েছেন, পরিবারের কেউ আক্রান্ত হলে কীভাবে দ্রুত ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে এখনো অনেকের পরিষ্কার ধারণা নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে দেখা যাচ্ছে ভাইরাসটি ইতোমধ্যে সীমান্তবর্তী আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে। ইতুরি অঞ্চলে মানুষের চলাচল বেশি হওয়া এবং নিরাপত্তা পরিস্থিতি দুর্বল থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে।

একটি আন্তর্জাতিক গবেষণায় সতর্ক করা হয়েছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি হতে পারে। গবেষকদের আশঙ্কা, খুব দ্রুত আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ডব্লিউএইচও ইতোমধ্যে এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে। আফ্রিকার কয়েকটি দেশ সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে। রুয়ান্ডা কঙ্গোর সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং নাগরিকদের করমর্দন ও আলিঙ্গন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, গত এপ্রিলের শেষ দিকে ভাইরাসটি আনুষ্ঠানিকভাবে শনাক্ত হলেও এর আগেই কয়েক সপ্তাহ ধরে এটি ছড়িয়ে পড়ছিল। বর্তমানে যে ধরনের ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে, তার জন্য এখনো নির্দিষ্ট কোনো অনুমোদিত টিকা নেই। তবে বিভিন্ন ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।

ইবোলা অত্যন্ত প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। শুরুতে জ্বর, মাথাব্যথা ও দুর্বলতা দেখা দিলেও পরে বমি, ডায়রিয়া এবং শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি তৈরি হয়। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে এলে রোগটি দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ