জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নতুন সিজন শুরু করেছে কোক স্টুডিও বাংলা। চতুর্থ সিজনের প্রথম গান হিসেবে প্রকাশ করা হয়েছে ‘রুম ঝুম’, যেখানে বাংলা নজরুলসংগীতের সঙ্গে তুর্কি লোকসংগীতের ঐতিহাসিক সংযোগকে নতুনভাবে তুলে ধরা হয়েছে। এই গানের বিশেষত্ব হলো, এর সুরের শিকড় রয়েছে অটোমান যুগের জনপ্রিয় লোকগান ‘উস্কুদারা গিদের ইকেন’-এ। সেই সুরকেই বহু বছর […]
ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নতুন সিজন শুরু করেছে কোক স্টুডিও বাংলা। চতুর্থ সিজনের প্রথম গান হিসেবে প্রকাশ করা হয়েছে ‘রুম ঝুম’, যেখানে বাংলা নজরুলসংগীতের সঙ্গে তুর্কি লোকসংগীতের ঐতিহাসিক সংযোগকে নতুনভাবে তুলে ধরা হয়েছে।
এই গানের বিশেষত্ব হলো, এর সুরের শিকড় রয়েছে অটোমান যুগের জনপ্রিয় লোকগান ‘উস্কুদারা গিদের ইকেন’-এ। সেই সুরকেই বহু বছর আগে বাংলা ভাষা ও বর্ষার আবহে রূপ দিয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নতুন আয়োজনে সেই পুরোনো সাংস্কৃতিক যাত্রাকে আবার সামনে এনেছে কোক স্টুডিও বাংলা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব ও নুসরাত জাহান। পাশাপাশি অংশ নিয়েছেন তুরস্কের শিল্পী আলিফ হান্দে সেভগেল ও মোস্তফা ইপেক। এর মাধ্যমে কোক স্টুডিও বাংলায় প্রথমবারের মতো হাজির হলেন মাহতিম ও নুসরাত।
নতুন সিজনে মোট আটটি গান থাকছে বলে জানা গেছে। প্রতিটি গান আলাদা সংগীতধারা, আবেগ ও সাংস্কৃতিক মিশ্রণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
মাহতিম শাকিব বলেন, ‘রুম ঝুম’ শুধু একটি গান নয়, বরং বহু সংস্কৃতির মিলনের গল্প। তার ভাষায়, কোক স্টুডিও বাংলা পুরোনো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে ভিন্নভাবে পৌঁছে দিচ্ছে।
অন্যদিকে নুসরাত জাহান জানান, এই প্রজেক্টে কাজ করা তার জন্য আবেগের অভিজ্ঞতা। বিশেষ করে নিজের সংগীতযাত্রা এমন একটি গানের মাধ্যমে শুরু করতে পেরে তিনি উচ্ছ্বসিত।