সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:১০ অপরাহ্ন, ৯ অক্টোবর ২০২৬

নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে মামলা, তদন্তে গোয়া পুলিশ

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে গোয়া পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় করা এ মামলায় অভিনেতার মৃত্যুর কারণ এবং এর পেছনে কোনো অস্বাভাবিকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার (৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ৭৫ বছর […]

নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে মামলা, তদন্তে গোয়া পুলিশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে গোয়া পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় করা এ মামলায় অভিনেতার মৃত্যুর কারণ এবং এর পেছনে কোনো অস্বাভাবিকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৭৫ বছর বয়সী নানা পাটেকর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ায় নিজের বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। উত্তর গোয়ার ডোনা পাউলার ওশান পার্ক এলাকায় অবস্থিত বাসভবন থেকে তাঁকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালে নেওয়া হয়। তবে পুলিশের নথিতে বলা হয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী তদন্তের দায়িত্ব পালন করছেন পুলিশ উপপরিদর্শক নিতিন নায়েক।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসায় একা থাকা অবস্থায় অভিনেতার মৃত্যু এবং হাসপাতালে নেওয়ার আগেই তাঁকে মৃত অবস্থায় পাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ প্রতিবেদন পাওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

এ ধরনের মামলার মাধ্যমে মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা বা অন্য কোনো অস্বাভাবিকতা রয়েছে কি না, তা নিশ্চিত করার চেষ্টা করা হয়। তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়েরের অর্থ এই নয় যে মৃত্যুর পেছনে অপরাধমূলক কিছু ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালগার বৃহস্পতিবার এএনআইকে জানান, ভোর ৪টা ২০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে নানা পাটেকরকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও হাসপাতালে পৌঁছানোর সময় তিনি মৃত ছিলেন। এ ঘটনায় মেডিকো-লিগ্যাল মামলা হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে পুলিশকে বিষয়টি জানাতে হয়েছে বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার রাতে পুনের উপকণ্ঠে দোনজে গ্রামের নিজের খামারবাড়িতে নানা পাটেকরের শেষকৃত্য সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। প্রিয় অভিনেতাকে শেষবিদায় জানাতে সেখানে হাজারো ভক্ত উপস্থিত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়া থেকে তাঁর মরদেহ পুনেতে নেওয়া হয়।

শেষকৃত্যের পর নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর সাংবাদিকদের বলেন, নানা পাটেকরের মতো মানুষ কখনো সত্যিকার অর্থে চলে যান না। তাঁর কাজ ও অর্জন তাঁকে অমর করে রেখেছে। বাবার রেখে যাওয়া আদর্শ ও দৃষ্টিভঙ্গি এগিয়ে নেওয়ার মাধ্যমেই ভবিষ্যৎ গড়ে তোলার কথাও বলেন তিনি।

নানা পাটেকর স্ত্রী নীলকান্তি পাটেকর ও ছেলে মালহার পাটেকরকে রেখে গেছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ