বলিউড তারকা সালমান খান–এর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বহু বছর ধরেই ভক্তদের কাছে এক বিশেষ আবেগের নাম। ঈদ, জন্মদিন কিংবা বিশেষ উপলক্ষে অভিনেতার এক ঝলক দেখতে এই ভবনের সামনে জড়ো হন হাজারো অনুরাগী। তবে সেই পরিচিত দৃশ্য হয়তো ভবিষ্যতে বদলে যেতে পারে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ দশকের বেশি সময়ের বাসস্থান গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট […]
ছবি: সংগৃহীত
বলিউড তারকা সালমান খান–এর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বহু বছর ধরেই ভক্তদের কাছে এক বিশেষ আবেগের নাম। ঈদ, জন্মদিন কিংবা বিশেষ উপলক্ষে অভিনেতার এক ঝলক দেখতে এই ভবনের সামনে জড়ো হন হাজারো অনুরাগী। তবে সেই পরিচিত দৃশ্য হয়তো ভবিষ্যতে বদলে যেতে পারে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ দশকের বেশি সময়ের বাসস্থান গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে সালমান খান বান্দ্রাতেই নতুন একটি বাড়িতে উঠতে পারেন। নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় অনুমোদনও ইতোমধ্যে পাওয়া গেছে বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি বান্দ্রার একটি জমিতে ছয়তলা ভবন নির্মাণের অনুমতি দিয়েছে। জমিটি অভিনেতার মা সালমা খান–এর নামে নিবন্ধিত। সেখানে আগে দুই তলার একটি ভবন ছিল, যা ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে।
নতুন প্রকল্পে ছয়তলা আবাসিক ভবনের পাশাপাশি থাকবে গ্রাউন্ড ফ্লোর ও স্টিল্ট পার্কিংয়ের ব্যবস্থা। যেহেতু এটি উপকূলীয় অঞ্চলের মধ্যে পড়ছে, তাই পরিবেশ সংরক্ষণবিষয়ক বেশ কয়েকটি শর্তও মানতে হবে। নির্মাণকাজের সময় কোনো গাছ কাটা যাবে না এবং নতুন করে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর বাধ্যবাধকতাও থাকবে।
নতুন বাড়ি নির্মাণের আলোচনায় নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে বিষ্ণোই গ্যাং–এর পক্ষ থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে খবর রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে তিনি ভারতের ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা সুবিধার আওতায় রয়েছেন।
জানা গেছে, নতুন বাড়িটি মূল সড়ক থেকে কিছুটা ভেতরে এবং তুলনামূলক নিরিবিলি এলাকায় নির্মিত হচ্ছে। ফলে সেখানে নিরাপত্তা ব্যবস্থা ও ব্যক্তিগত গোপনীয়তা আরও ভালোভাবে নিশ্চিত করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় ৫২ বছর ধরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টই ছিল সালমান খান ও তার পরিবারের ঠিকানা। ১৯৭৪ সাল থেকে এই বাসভবনের সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবারের অসংখ্য স্মৃতি ও বলিউডের বহু স্মরণীয় মুহূর্ত। তাই সম্ভাব্য এই পরিবর্তনের খবর ভক্তদের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি করেছে।
তবে এখন পর্যন্ত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে নতুন বাড়িতে যাওয়ার বিষয়ে সালমান খান বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং আপাতত গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।