পশ্চিমবঙ্গের নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া সব ধরনের ভাতা ও আর্থিক সহায়তা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর জন্য চালু থাকা ভাতা আর বহাল থাকবে না। সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, […]
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া সব ধরনের ভাতা ও আর্থিক সহায়তা বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর জন্য চালু থাকা ভাতা আর বহাল থাকবে না।
সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় ধর্মীয় পরিচয়ভিত্তিক যেসব প্রকল্প চালু ছিল, সেগুলো বন্ধ করা হচ্ছে। চলতি মাস পর্যন্ত সুবিধাভোগীরা ভাতা পেলেও আগামী মাস থেকে তা আর কার্যকর থাকবে না।
তবে সরকার জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য চালু থাকা স্কলারশিপ ও শিক্ষাসংক্রান্ত অনুদান আগের মতোই চালু থাকবে। শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া আর্থিক সহায়তাগুলো বাতিল করা হচ্ছে।
এ বিষয়ে খুব দ্রুত বিস্তারিত সরকারি নির্দেশিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো ভাতা আর থাকবে না, তবে শিক্ষার্থীদের জন্য থাকা সহায়তা কর্মসূচিগুলো চালু থাকবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের একাধিক মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্তও অনুমোদন পেয়েছে।
একই সঙ্গে ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর অনুমোদন এবং সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াত সুবিধা চালুর নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে এই সুবিধা কার্যকর হতে পারে বলে জানানো হয়েছে।