চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই এ মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, এনপিটি ইরানকে কোনো সুরক্ষা দিতে পারেনি। বরং চুক্তিতে থাকা সত্ত্বেও দেশটির পারমাণবিক স্থাপনাগুলো বারবার হামলার শিকার হয়েছে। […]
ছবি: সংগৃহীত
চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই এ মন্তব্য করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, এনপিটি ইরানকে কোনো সুরক্ষা দিতে পারেনি। বরং চুক্তিতে থাকা সত্ত্বেও দেশটির পারমাণবিক স্থাপনাগুলো বারবার হামলার শিকার হয়েছে।
তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক চুক্তি ও আইন কার্যত উপেক্ষিত হয়েছে, যার ফলে এই চুক্তিতে সদস্যপদ ধরে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তার ভাষায়, “এখন হয়তো চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে।”
তবে একই সঙ্গে ইরান তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং এ বিষয়ে তাদের নীতি অপরিবর্তিত রয়েছে।
রেজাই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালকের মন্তব্যেরও সমালোচনা করেন। তিনি ওই মন্তব্যকে ‘উস্কানিমূলক ও বিপজ্জনক’ বলে উল্লেখ করেন।
এদিকে তিনি যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে বলেন, আমেরিকা বহু আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে গেলেও ইরান যদি এনপিটি ত্যাগ করে, তাহলে তা পশ্চিমা বিশ্বের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই ইঙ্গিত মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলতে পারে এবং বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।