Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৩:১৯ পিএম, ৬ জুন ২০২৬

‘প্লিজ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন’, আলোচিত সেই মহিষ প্রসঙ্গে আসিফ আকবর

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত অ্যালবিনো জাতের মহিষটিকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় রাখা বিরল প্রজাতির এই মহিষটির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রাণীটির প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন। শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ আকবর লিখেছেন, “এই বাফেলো’টার জন্য মানুষের নরম মন কাঁদছে। […]

‘প্লিজ অবুঝ প্রাণীটার প্রতি রহম করুন’, আলোচিত সেই মহিষ প্রসঙ্গে আসিফ আকবর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত অ্যালবিনো জাতের মহিষটিকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় রাখা বিরল প্রজাতির এই মহিষটির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রাণীটির প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন।

শনিবার (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ আকবর লিখেছেন, “এই বাফেলো’টার জন্য মানুষের নরম মন কাঁদছে। দেশে কত দুঃসহ ঘটনাই তো ঘটছে! আরও অসহ্য অনেক কিছুই হবে! এ মহিষটা তো জানে না তার দোষ কী! সে একটা আদুরে পরিবেশে বেড়ে উঠেছে, ভবিষ্যৎ জানি না।”

পোস্টে তিনি আরও বলেন, “অনেক মারপ্যাঁচের মধ্যেও তার জীবনটা যেহেতু এখনো আছে, প্লিজ তাকে খামারির কাছে পৌঁছে দিন। সরকারের কাছে বিনীত অনুরোধ রইল, প্লিজ এ অবুঝ প্রাণিটার প্রতি রহম করুন। মানুষের মনের ছোট্ট অনুভূতিগুলোও বেঁচে থাকুক। প্লিজ!”

সম্প্রতি অদ্ভুত সাদা বর্ণ এবং মাথার বিশেষ ধরনের লোমের কারণে আলোচনায় আসে অ্যালবিনো জাতের এই মহিষটি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রাণীটির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের মিল খুঁজে পেয়ে এর নাম দিয়েছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

বর্তমানে মহিষটি রাজধানীর জাতীয় চিড়িয়াখানার ৭ নম্বর শেডে রাখা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত জনসমাগম, নিরাপত্তা ঝুঁকি এবং বিরল প্রাণী হিসেবে সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে কেরানীগঞ্জ থেকে প্রাণীটিকে সেখানে স্থানান্তর করা হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চিড়িয়াখানায় আনার পর প্রথমে মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে প্রাণীটি পর্যবেক্ষণে রয়েছে এবং সুস্থ অবস্থায় আছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটিকে নিয়ে ব্যাপক আলোচনা ও আবেগঘন প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। অনেকেই প্রাণীটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন এবং মানবিক বিবেচনায় এর যথাযথ যত্ন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ