বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে, তা ভারতের নির্বাচন কমিশনের জন্য শিক্ষণীয় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার কলকাতার রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মমতা ব্যানার্জি বলেন, সম্প্রতি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেকেই আশঙ্কা করেছিলেন সেখানে সহিংসতা ও অশান্তি […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে, তা ভারতের নির্বাচন কমিশনের জন্য শিক্ষণীয় বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
মঙ্গলবার কলকাতার রাজ্য সচিবালয় নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মমতা ব্যানার্জি বলেন, সম্প্রতি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেকেই আশঙ্কা করেছিলেন সেখানে সহিংসতা ও অশান্তি দেখা দিতে পারে। কিন্তু বাস্তবে নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত হতাশাজনক ও লজ্জাজনক। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে ভারতের নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়া উচিত।
ভারতের নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, ভয়ভীতি ও হুমকির সংস্কৃতি গোটা গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, এই ধরনের আচরণ গণতন্ত্রকে বুলডোজ করে গুঁড়িয়ে দেওয়ার সামিল এবং এটি গণতন্ত্র ধ্বংসের একটি গভীর ষড়যন্ত্র। এমন পরিস্থিতি অতীতে রাজতন্ত্রের সময়েও দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
সামনেই পশ্চিমবঙ্গসহ ভারতের আরও চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ প্রেক্ষাপটে দেশটির নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন মমতা। তিনি বলেন, জীবনে অনেক নির্বাচন কমিশন দেখেছেন, কিন্তু বর্তমান কমিশনের মতো পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত কমিশন আগে কখনও দেখেননি, যা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে কাজ করছে।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন ভারতের গণতন্ত্রকে ধ্বংস করছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রতিটি রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তারা দেশের সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর হুমকি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।