যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। এ ঘটনায় তাঁর মাথা ফেটে গেলে হাসপাতালে নিয়ে চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে রয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে […]
ছবি: সংগৃহীত
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। এ ঘটনায় তাঁর মাথা ফেটে গেলে হাসপাতালে নিয়ে চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাড়িতে রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়া হয় এবং মাথায় চারটি সেলাই করা হয়।
তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গ্যারেজের মালিক হৃদয়। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তবে মা-বোনকে নিয়ে গালিগালাজ করায় হামলা করা হয়েছে বলে মুঠোফোনে তাঁকে জানিয়েছেন মেকানিক জাহাঙ্গীর।
এদিকে সমু চৌধুরীর ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।