পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলার জবাবে বড় ধরনের পাল্টা অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৪০ ঘণ্টার অভিযানে অন্তত ১৪৫ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। রোববার (১ ফেব্রুয়ারি) প্রাদেশিক রাজধানী কোয়েটায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। […]
ছবি: সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত হামলার জবাবে বড় ধরনের পাল্টা অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ৪০ ঘণ্টার অভিযানে অন্তত ১৪৫ জন সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রাদেশিক রাজধানী কোয়েটায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত থেকে কোয়েটা, গোয়াদর, মাস্টুং ও নুশকিসহ প্রদেশের অন্তত ১২টি স্থানে একযোগে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। তাদের লক্ষ্য ছিল কোয়েটার উচ্চ-নিরাপত্তা এলাকায় প্রবেশ করে জিম্মি পরিস্থিতি সৃষ্টি করা। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত অভিযানে সে পরিকল্পনা ব্যর্থ হয়।
এই সহিংসতায় পুলিশ, ফ্রন্টিয়ার কোর (এফসি) ও নৌবাহিনীর সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৭ জন সদস্য নিহত হন। পাশাপাশি নারী ও শিশুসহ অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারান বলে জানান মুখ্যমন্ত্রী।
পাকিস্তান সরকার বালুচিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে আখ্যায়িত করেছে। দেশটির কর্মকর্তাদের দাবি, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর নির্দেশনা ও সহায়তায় এসব হামলা পরিচালিত হয়েছে। তবে ভারত সরকার বরাবরের মতো এ অভিযোগ অস্বীকার করেছে।
মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি অভিযোগ করে বলেন, পাকিস্তানের অর্থনীতি যখনই ঘুরে দাঁড়ানোর পথে এগোয়, তখনই ভারতের মদদে এ ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়।
বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির সঙ্গে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এক সেকেন্ডের জন্যও ছাড় দিতে প্রস্তুত নই। পাকিস্তানের এক ইঞ্চি ভূখণ্ডও ভাঙতে দেওয়া হবে না।”
তিনি আরও জানান, অভিযানের সময় অনেক সন্ত্রাসী বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করায় নিরাপত্তা বাহিনীকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছে, ফলে অভিযানে কিছুটা সময় লেগেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো বালুচিস্তানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বালুচিস্তানে সংঘটিত এই ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্স। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং ইরানের দূতাবাস থেকে পাঠানো পৃথক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।