বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা আবুল বাশারকে গ্রেপ্তারের পর তাকে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী দাবি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ববি বলেন, ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে ঘিরে প্রকাশিত কিছু সংবাদে তাকে ‘স্ত্রী’ বা […]
ছবি: সংগৃহীত
বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা আবুল বাশারকে গ্রেপ্তারের পর তাকে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী দাবি করে বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ববি বলেন, ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে ঘিরে প্রকাশিত কিছু সংবাদে তাকে ‘স্ত্রী’ বা ‘কথিত স্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট।
ববি অভিযোগ করেন, তার সম্মানহানি এবং ভিউ বাড়ানোর উদ্দেশ্যেই একটি মহল পরিকল্পিতভাবে এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, দেশের গণমাধ্যমের প্রতি তার আস্থা রয়েছে, তবে যারা যাচাই-বাছাই ছাড়া মিথ্যা সংবাদ প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফেসবুক পোস্টে অভিনেত্রী আরও উল্লেখ করেন, ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত, বিশেষ করে বিয়ের মতো বিষয় হলে তিনি নিজেই তা প্রকাশ করতেন। তাই এ ধরনের গুজব বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।
এর আগে প্রতারণার একাধিক অভিযোগে বিটিএল গ্রুপের সিইও মির্জা আবুল বাশারকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, চাকরি দেওয়ার প্রলোভন, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির পশু ক্রয়ের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর রাজধানীর গুলশান-১ এলাকার একটি বাসা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি বাসার ভেতরে থাকা একটি গোপন সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন বলেও জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে ববিকে ঘিরে ছড়িয়ে পড়া গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তবে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্কের অবকাশ নেই বলে মনে করছেন তার ভক্ত ও অনুসারীরা।