গত মাসে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের পর ইরানে ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এর মধ্যেই কর্তৃপক্ষ একাধিক ব্যক্তিমালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার আবহে কূটনৈতিক আলোচনা চললেও অভ্যন্তরীণ পরিস্থিতি দেশটির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। পুলিশ ও বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে এসব ব্যবসা বন্ধের সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে তেহরানের কেন্দ্র ও উত্তরাঞ্চলের জনপ্রিয় ক্যাফে, […]
ছবি: সংগৃহীত
গত মাসে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের পর ইরানে ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এর মধ্যেই কর্তৃপক্ষ একাধিক ব্যক্তিমালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার আবহে কূটনৈতিক আলোচনা চললেও অভ্যন্তরীণ পরিস্থিতি দেশটির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
পুলিশ ও বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে এসব ব্যবসা বন্ধের সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে তেহরানের কেন্দ্র ও উত্তরাঞ্চলের জনপ্রিয় ক্যাফে, রেস্তোরাঁ, আর্ট গ্যালারি এবং ছোট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অনেকেই গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল বা ধর্মঘটে অংশ নিয়েছিল। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘দেশের আইন ও পুলিশি বিধিমালা লঙ্ঘনের’ অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।
সাম্প্রতিক সময়ে জনপরিসর তদারকির দায়িত্বপ্রাপ্ত পুলিশ বিভাগ ডজনখানেক ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, তাদের কার্যক্রম নিয়মবহির্ভূত হওয়ায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স এক প্রতিবেদনে ৮১ বছর বয়সী ব্যবসায়ী মোহাম্মদ আলী সাদেনিয়ার একটি কথিত ‘স্বীকারোক্তিপত্র’ প্রকাশ করেছে। তিনি ও তার পরিবার দেশজুড়ে জনপ্রিয় একাধিক ক্যাফে ও খাদ্য ব্র্যান্ড পরিচালনা করতেন। বিচার বিভাগ জানিয়েছে, বিক্ষোভ-পরবর্তী সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার সব ব্যবসা বন্ধ এবং সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
সরকারি হিসাবে, বিক্ষোভে নিহতের সংখ্যা তিন হাজার ১১৭ জন। সরকার এই সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদপুষ্ট ‘সন্ত্রাসী ও দাঙ্গাবাজদের’ দায়ী করেছে। তবে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিক্ষোভ দমনে অতিরিক্ত প্রাণঘাতী শক্তি প্রয়োগ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির হিসাবে, নিহতের সংখ্যা প্রায় ছয় হাজার ৯৬৪। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মাই সাতো জানিয়েছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
বিক্ষোভের এক মাসের বেশি সময় পার হলেও ইরানের অর্থনীতি এখনো গভীর সংকটে রয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ডলারের বিপরীতে রিয়ালের দর দাঁড়ায় প্রায় ১৬ লাখ ২০ হাজার রিয়াল, যা প্রায় রেকর্ড নিম্নস্তর।
তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানপাট খোলা থাকলেও বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এক ব্যবসায়ী জানান, আগের তুলনায় বিক্রি প্রায় ৬০ শতাংশ কমেছে। নগদ লেনদেনের প্রবণতাও বেড়েছে।
ডাউনটাউন জোমহুরি এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এখনও নিরাপত্তা বাহিনীর কড়া উপস্থিতি দেখা যাচ্ছে। অনেক জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে রাষ্ট্রীয় কর্মসূচির প্রস্তুতি চলছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জনগণকে সমাবেশে অংশ নিয়ে ‘শত্রুকে হতাশ’ করার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, বিক্ষোভ-পরবর্তী সংস্কারের আহ্বান জানানো কয়েকজন প্রভাবশালী সংস্কারপন্থী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও উভয় পক্ষের মধ্যে হুমকি-পাল্টা হুমকি অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইরান ইস্যুতে ওয়াশিংটনের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। সব মিলিয়ে অভ্যন্তরীণ অস্থিরতা ও অর্থনৈতিক সংকট ইরানকে বহুমুখী চাপে ফেলেছে।