ফেব্রুয়ারি ১৬, বেইজিং সময় রাত ৮টা। বিশ্বের কোটি কোটি দর্শক তখন চোখ রাখেন চীনের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন—চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ২০২৬ সালের চীনা বসন্ত উৎসব গালার দিকে। ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রুশসহ ৮৫টি ভাষায় টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয় অনুষ্ঠানটি। বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৩ হাজার ৩০০টি গণমাধ্যম […]
ছবি: সংগৃহীত
ফেব্রুয়ারি ১৬, বেইজিং সময় রাত ৮টা। বিশ্বের কোটি কোটি দর্শক তখন চোখ রাখেন চীনের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন—চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ২০২৬ সালের চীনা বসন্ত উৎসব গালার দিকে। ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রুশসহ ৮৫টি ভাষায় টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয় অনুষ্ঠানটি। বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৩ হাজার ৩০০টি গণমাধ্যম এ সম্প্রচারে যুক্ত ছিল।
চীনা চান্দ্র পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সাল ‘অশ্ব বর্ষ’। চীনা সংস্কৃতিতে ঘোড়া প্রতীক অধ্যবসায়, আত্মোন্নয়ন ও অগ্রগতির। এ দর্শনকে সামনে রেখে এবারের গালার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়—‘সুদক্ষ ঘোড়া ছুটে আসছে, তার গতি অপ্রতিরোধ্য’। এর মাধ্যমে মানুষকে স্বপ্ন পূরণের পথে নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া হয়।
১৯৮৩ সাল থেকে নিয়মিত সম্প্রচারিত এই গালা অনুষ্ঠানটি বর্তমানে বিশ্বব্যাপী চীনা পরিবারগুলোর পুনর্মিলনী উৎসবের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্বের প্রায় ২০টি দেশ ও অঞ্চলে চীনা বসন্ত উৎসব সরকারি ছুটি হিসেবে স্বীকৃত। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ মানুষ কোনো না কোনোভাবে এই উৎসব উদযাপন করে।
প্রযুক্তি ও ঐতিহ্যের অভিনব সংমিশ্রণ
এবারের গালার অন্যতম আকর্ষণ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এআইজিসি প্রযুক্তির ব্যাপক ব্যবহার। হাজার হাজার ঘোড়ার সম্মিলিত দৌড়ের দৃশ্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মঞ্চে জীবন্ত করে তোলা হয়। একই সঙ্গে ‘রেশম পথ’ অনুপ্রেরণায় নির্মিত নৃত্য পরিবেশনায় প্রাচীন দেয়ালচিত্রের ঘোড়াকে আধুনিক প্রযুক্তিতে বাস্তবের রূপ দেওয়া হয়।
অ্যাক্রোব্যাটিক বা দড়াবাজির পরিবেশনায় আধুনিক ভিজ্যুয়াল প্রযুক্তির সংযোজনে দর্শকদের জন্য তৈরি হয় নতুন ধরনের অভিজ্ঞতা। দীর্ঘদিন ধরে গালার সমাপনী সংগীত হিসেবে পরিবেশিত হয়ে আসা ‘অবিস্মরণীয় আজকের রাত’ গানটিও এবার প্রযুক্তির নতুন রূপে উপস্থাপিত হয়।
রোবটের যুগে গালার মঞ্চ
২০২৬ সালের গালায় সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি প্রযুক্তির বাস্তব প্রয়োগও তুলে ধরা হয়। সিএমজি স্টুডিওতে চার ধরনের হিউম্যানয়েড রোবট সক্রিয়ভাবে কাজ করেছে—কেউ মঞ্চে পারফর্ম করেছে, কেউ নেপথ্যে সহযোগিতা দিয়েছে।
গ্যালাক্সি জেনারেল, সংইয়ান ডাইনামিক্স, ইউশু টেকনোলজি ও ম্যাজিক অ্যাটম—এই চার প্রতিষ্ঠানের রোবট একসঙ্গে মঞ্চে অংশ নেয়। বিশেষজ্ঞদের মতে, এটি চীনের হিউম্যানয়েড রোবট উন্নয়ন কৌশলের বাস্তব প্রতিফলন।
বরফ নগরী হারবিনে ব্যতিক্রমী আয়োজন
চীনের উত্তরাঞ্চলের হারবিন শহর এবারের গালার অন্যতম শাখা ভেন্যু হিসেবে বিশেষ গুরুত্ব পায়। বরফ ও তুষার দিয়ে নির্মিত মঞ্চে আলোর বিশেষ ব্যবহারে দর্শকদের সামনে তুলে ধরা হয় অনন্য পরিবেশনা। স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণ অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা।
দুবাইয়ের আকাশে চীনা উৎসবের আলো
সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা ভবনে চীনা বসন্ত উৎসব উপলক্ষে বিশেষ আলোক প্রদর্শনী আয়োজন করা হয়। টানা সপ্তম বছরের মতো আয়োজিত এ প্রদর্শনীতে গালার মাসকট, প্রাচীন চীনা অক্ষরে ‘ঘোড়া’ এবং ছুটন্ত ঘোড়ার দৃশ্য ভবনের গায়ে ফুটে ওঠে। এতে চীন ও আরব সভ্যতার সাংস্কৃতিক সংযোগের প্রতিফলন ঘটে।
আন্তর্জাতিক শুভেচ্ছা ও কূটনৈতিক বার্তা
চীনা নববর্ষ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা শুভেচ্ছা বার্তা পাঠান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া-চীনের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনের উন্নয়ন ও বৈশ্বিক উদ্যোগের প্রশংসা করেন।
এছাড়া নেপাল, শ্রীলঙ্কা, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের নেতারা শুভেচ্ছা জানান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ কর্মকর্তারাও শুভকামনা প্রকাশ করেন।
বৈশ্বিক উৎসবে রূপ নেওয়া চীনা নববর্ষ
সব মিলিয়ে ২০২৬ সালের চীনা বসন্ত উৎসব গালা প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির এক ব্যতিক্রমী মিলনমেলায় পরিণত হয়। বেইজিংয়ের প্রধান মঞ্চ থেকে শুরু করে হারবিনের বরফ নগরী ও দুবাইয়ের আকাশচুম্বী ভবন—সবখানেই ছড়িয়ে পড়ে উৎসবের আলো।
বিশেষজ্ঞদের মতে, ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এই সমন্বয় প্রমাণ করে দিয়েছে—চীনা নববর্ষ এখন শুধু একটি দেশের উৎসব নয়, বরং বিশ্বজনীন এক সাংস্কৃতিক উপলক্ষ।