তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক দশকে কোনো মার্কিন শীর্ষ নেতার এটিই প্রথম চীন সফর হিসেবে দেখা হচ্ছে। বুধবার এয়ারফোর্স ওয়ানে করে বেইজিং পৌঁছানোর পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। মূলত গত মার্চে এই সফর […]
ছবি: সংগৃহীত
তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক দশকে কোনো মার্কিন শীর্ষ নেতার এটিই প্রথম চীন সফর হিসেবে দেখা হচ্ছে।
বুধবার এয়ারফোর্স ওয়ানে করে বেইজিং পৌঁছানোর পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
মূলত গত মার্চে এই সফর হওয়ার কথা ছিল। তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় সফরটি পিছিয়ে যায়।
বিশ্লেষকদের মতে, চলমান ইরান যুদ্ধ এবং সেখানে চীনের সম্ভাব্য মধ্যস্থতাকারী ভূমিকা এবারের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে। যদিও চীন সফরের আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ইস্যুতে শি জিনপিংয়ের সহায়তার প্রয়োজন তার নেই।
তবে শুধু ভূরাজনীতি নয়, বাণিজ্য, প্রযুক্তি ও তাইওয়ান প্রশ্নেও দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি চীনের বাজার মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য আরও উন্মুক্ত করার দাবি তুলবেন। এ সফরে কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরাও তার সঙ্গে রয়েছেন।
অন্যদিকে বেইজিংয়ের মূল লক্ষ্য হচ্ছে গত অক্টোবরের “বাণিজ্য যুদ্ধবিরতি” চুক্তির মেয়াদ বাড়ানো। ওই সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে শুল্কসংক্রান্ত উত্তেজনা সাময়িকভাবে কমেছিল।
২০১৭ সালের পর এই প্রথম ট্রাম্প বেইজিং সফর করছেন। সফরসূচিতে গ্রেট হল অব দ্য পিপলে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও ঝোংনানহাই সফরের কর্মসূচি রয়েছে, যেখানে চীনের শীর্ষ নেতৃত্ব বসবাস ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে।
সূত্র: বিবিসি