ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনার পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এ ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। ডোনাল্ড ট্রাম্প জানান, নতুন সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর শুল্ক হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো […]
ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনার পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এ ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
ডোনাল্ড ট্রাম্প জানান, নতুন সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর শুল্ক হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হবে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে শুল্ক ও নন-ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ফোনালাপে বাণিজ্য ইস্যুর পাশাপাশি রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন এবং বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে রুশ তেল কেনার কারণে ভারতের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক জরিমানা প্রত্যাহার করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি বড় বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে। এই চুক্তির অংশ হিসেবে ভারত আগামী দিনে ৫০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের মার্কিন পণ্য আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এসব পণ্যের মধ্যে জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য ও কয়লা অন্তর্ভুক্ত থাকবে।
ট্রাম্পের মতে, এই সমঝোতা শুধু দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণেই নয়, বৈশ্বিক সংঘাত নিরসনেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সন্তোষ প্রকাশ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে তিনি আনন্দিত। ভারতীয় পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করায় ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান।
মোদি বলেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হয়। তিনি বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ট্রাম্পের নেতৃত্বের প্রশংসাও করেন।
উল্লেখ্য, গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করলে দুই দেশের বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় এবং ভারতীয় রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে যায়। নতুন এই চুক্তিকে সেই উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: বিবিসি, রয়টার্স