সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৫০ অপরাহ্ন, ১৪ মে ২০২৬

ভারতের ‘জম্বি ড্রাগে’ বিপর্যস্ত আফ্রিকার কয়েকটি দেশ

সাধারণ ব্যথানাশক ওষুধের মতো ব্লিস্টার প্যাকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ঢুকছে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট। রাস্তার পাশের দোকান ও ফার্মেসিতে খোলাখুলিভাবে বিক্রি হওয়া এই সিন্থেটিক ওপিওয়েড এখন কুখ্যাত ‘জম্বি ড্রাগ’ কুশের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কোনো ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এই ট্যাবলেট অনুমোদন না দিলেও ভারত […]

ভারতের ‘জম্বি ড্রাগে’ বিপর্যস্ত আফ্রিকার কয়েকটি দেশ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সাধারণ ব্যথানাশক ওষুধের মতো ব্লিস্টার প্যাকে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে ঢুকছে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট। রাস্তার পাশের দোকান ও ফার্মেসিতে খোলাখুলিভাবে বিক্রি হওয়া এই সিন্থেটিক ওপিওয়েড এখন কুখ্যাত ‘জম্বি ড্রাগ’ কুশের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।

অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কোনো ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এই ট্যাবলেট অনুমোদন না দিলেও ভারত থেকে নিয়মিত বিপুল পরিমাণে ট্যাপেন্টাডল পশ্চিম আফ্রিকায় রপ্তানি হচ্ছে। কিছু চালানের প্যাকেটে এমনকি “মানুষের ব্যবহারের জন্য ক্ষতিহীন ওষুধ” বলেও উল্লেখ করা হয়েছে।

শুল্ক নথি অনুযায়ী, প্রতি মাসে নাইজেরিয়া, সিয়েরা লিওন ও ঘানাসহ বিভিন্ন দেশে কোটি কোটি ডলারের ট্যাপেন্টাডল পাঠানো হচ্ছে। অথচ এসব দেশে ওষুধটির কোনো মাত্রাই অনুমোদিত নয়। ধনী দেশগুলোতে ওপিওয়েড সংকটের পর কড়াকড়ি বাড়ায় ভারতীয় জেনেরিক ওষুধ কোম্পানিগুলো আফ্রিকার বাজারে ঝুঁকেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ‘কুশ’ নামের কুখ্যাত মাদকের সঙ্গে এখন ট্যাপেন্টাডল মেশানো হচ্ছে। এ পরিস্থিতিতে সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সিয়েরা লিওনের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মানসিক স্বাস্থ্য বিভাগের পরিচালক আনসু কোনেহ বলেন, প্রতিদিন রাস্তা, বাজার ও বস্তি থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। শুধু রাজধানী ফ্রিটাউনেই তিন মাসে ৪০০টির বেশি লাশ পাওয়া গেছে।

স্থানীয় গবেষক রোনাল্ড আবু বানগুরা জানান, ব্যবহারকারীরা ট্যাবলেট গুঁড়ো করে কুশের সঙ্গে মিশিয়ে সেবন করছে। ফলে ট্যাপেন্টাডলের অপব্যবহার দ্রুত ছড়িয়ে পড়েছে।

দেশটির অনানুষ্ঠানিক ডিটক্স সেন্টারগুলোতে আসক্তদের মাসের পর মাস শিকলে বেঁধে রাখা হয়। সরকারি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হওয়া অধিকাংশ রোগীই ট্যাপেন্টাডল মেশানো কুশ সেবন করতেন বলে জানিয়েছেন আনসু কোনেহ।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারত সরকার ‘জিরো টলারেন্স’ অভিযান ঘোষণা করলেও এএফপির পর্যালোচনায় দেখা গেছে, এরপরও উচ্চমাত্রার ট্যাপেন্টাডল আফ্রিকায় পাঠানো অব্যাহত রয়েছে।

জব্দ হওয়া ট্যাবলেটের লাইসেন্স নম্বর মিলিয়ে গুজরাটভিত্তিক কয়েকটি ওষুধ কোম্পানির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞার পরও এসব প্রতিষ্ঠান চালান পাঠিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকার অনেক মানুষ নেশার জন্য নয়, বরং কঠিন শারীরিক পরিশ্রম চালিয়ে যেতে এই ট্যাবলেট ব্যবহার করছে। মোটরসাইকেল চালক, কুলি ও খনিশ্রমিকরা ব্যথা ভুলতে এবং শক্তি পেতে এটি সেবন করছেন।

নাইজেরিয়ায় গাঁজার পর সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক এখন ওপিওয়েড। দেশটির মাদকবিরোধী সংস্থা জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী ও দস্যুরাও এই মাদক ব্যবহার করে।

সিয়েরা লিওনের স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানিয়েছেন, এখন প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও ট্যাপেন্টাডলে আসক্ত হয়ে পড়ছে। তারা বড়ি গুঁড়ো করে এনার্জি ড্রিংকের সঙ্গে মিশিয়ে পান করছে।

মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান আনসু কোনেহ বলেন, সবচেয়ে ভয়াবহ বিষয় হলো—অনেক আসক্তই বুঝতে পারে না যে ট্যাপেন্টাডলও তাদের জন্য মারাত্মক ক্ষতিকর। তারা মনে করে শুধু কুশই বিপজ্জনক।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ গৃহযুদ্ধের ক্ষত নিয়ে বেঁচে থাকা আফ্রিকার দেশগুলোতে এই মাদকের বিস্তার নতুন মানবিক সংকট তৈরি করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ