ফিলিস্তিনি এক শিশুকে কেন্দ্র করে নির্মিত তিউনিশিয়ার আলোচিত সিনেমা ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনের ক্ষেত্রে বাধার মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, ‘রাজনৈতিক স্পর্শকাতরতা’র কারণ দেখিয়ে দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটির ছাড়পত্র দিচ্ছে না। চলচ্চিত্রটির ভারতীয় পরিবেশক মনোজ নন্দওয়ানা জানান, গত ফেব্রুয়ারিতে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া হলেও এখনো অনুমোদন মেলেনি। তার দাবি, সেন্সর […]
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি এক শিশুকে কেন্দ্র করে নির্মিত তিউনিশিয়ার আলোচিত সিনেমা ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনের ক্ষেত্রে বাধার মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, ‘রাজনৈতিক স্পর্শকাতরতা’র কারণ দেখিয়ে দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটির ছাড়পত্র দিচ্ছে না।
চলচ্চিত্রটির ভারতীয় পরিবেশক মনোজ নন্দওয়ানা জানান, গত ফেব্রুয়ারিতে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া হলেও এখনো অনুমোদন মেলেনি। তার দাবি, সেন্সর বোর্ডের একজন সদস্য ইঙ্গিত দিয়েছেন—এই সিনেমা মুক্তি পেলে ভারত-ইসরাইল সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে।
তবে এই যুক্তি মানতে নারাজ পরিবেশক। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাওয়া একটি চলচ্চিত্র কোনো দ্বিপক্ষীয় সম্পর্ককে নড়বড়ে করে দিতে পারে—এমন ধারণা বাস্তবসম্মত নয়।
নির্মাতা কাউথার বেন হানিয়ার এই সিনেমাটি পাঁচ বছর বয়সি ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের মর্মান্তিক মৃত্যুর ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এটি ব্যাপক প্রশংসা পায় এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে করতালির মাধ্যমে দর্শকদের অভিবাদন লাভ করে। পাশাপাশি ‘সিলভার লায়ন’ পুরস্কারও অর্জন করে সিনেমাটি।
শিশুটি ২০২৪ সালে গাজায় এক হামলার সময় পরিবারের সঙ্গে আটকা পড়ে সাহায্যের জন্য ফোন করেছিল—সেই বাস্তব ঘটনার অডিওও সিনেমায় ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
ভারতে সিনেমাটি আটকে যাওয়ার খবরে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেস নেতা শশী থারুর এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।
বিশ্লেষকদের মতে, বর্তমান পররাষ্ট্রনীতিতে ইসরাইলের প্রতি ভারতের ঘনিষ্ঠ অবস্থান এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। যদিও এ বিষয়ে সেন্সর বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।