ব্রাজিলের ফুটবল তারকা নেইমারকে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভঙ্গের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ সংস্থা সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি)। প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কের সময় মুখ হাত দিয়ে ঢেকে কথা বলায় এ শাস্তি পেয়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে তাঁর ক্লাব। বুধবার (২৮ অক্টোবর) […]
ছবি: সংগৃহীত
ব্রাজিলের ফুটবল তারকা নেইমারকে ‘ভিনি জুনিয়র প্রটোকল’ ভঙ্গের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রীড়া বিচারবিষয়ক সর্বোচ্চ সংস্থা সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি)। প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে তর্কের সময় মুখ হাত দিয়ে ঢেকে কথা বলায় এ শাস্তি পেয়েছেন সান্তোসের এই ফরোয়ার্ড। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে তাঁর ক্লাব।
বুধবার (২৮ অক্টোবর) এসটিজেডির দ্বিতীয় শৃঙ্খলা কমিশন সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত দেয়। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস ও বাহিয়ার মধ্যকার ম্যাচে ঘটনাটি ঘটে।
ম্যাচের বিরতিতে দ্বিতীয়ার্ধ শুরুর আগে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদে জড়ান নেইমার। এ সময় তিনি হাত দিয়ে মুখ ঢেকে কথা বলছিলেন। ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর রেফারি সাভিও পেরেইরা সাম্পাইও তাঁকে সরাসরি লাল কার্ড দেখান।
ম্যাচের প্রতিবেদনে বলা হয়, লাল কার্ড দেখার পর নেইমার বাহিয়ার বেঞ্চের দিকে এগিয়ে গিয়ে নেস্তরের মুখোমুখি হওয়ার চেষ্টা করেন। পরে সতীর্থরা তাঁকে থামান।
এসটিজেডির অভিযোগে বলা হয়, নেইমারের এ আচরণ ফিফার শৃঙ্খলাবিধিতে থাকা ‘ভিনি জুনিয়র প্রটোকল’-এর সপ্তম বিধানের পরিপন্থী। মাঠে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বলার মাধ্যমে বক্তব্য আড়াল করার প্রবণতা ঠেকাতে এ নিয়ম প্রয়োগ করা হয়।
ব্রাজিলের ক্রীড়া বিচারবিধির ১৯১ নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তবে শুনানিতে কমিশন বিকল্প অভিযোগের ভিত্তিতে দুই ম্যাচ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দেয়।
তিন ম্যাচে সান্তোসের বাইরে নেইমার
লাল কার্ডের কারণে নিয়ম অনুযায়ী একটি ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ার পাশাপাশি বাহিয়ার বিপক্ষে ম্যাচে তৃতীয় হলুদ কার্ডও দেখেছিলেন নেইমার। ফলে হলুদ কার্ডের নিষেধাজ্ঞা এবং নতুন দুই ম্যাচের শাস্তি মিলিয়ে সান্তোসের পরবর্তী তিনটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
এতে ২৮ অক্টোবর পালমেইরাস, ২ নভেম্বর রেড বুল ব্রাগান্তিনো এবং ১৮ নভেম্বর করিতিবার বিপক্ষে ম্যাচে অনুপস্থিত থাকবেন নেইমার। সূচি অনুযায়ী, ২২ নভেম্বর গ্রেমিওর বিপক্ষে ম্যাচ দিয়ে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।
তবে সান্তোস আপিল করলে নিষেধাজ্ঞার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।
সূত্র: এসটিজেডি, জিই ও রয়টার্স।