পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে। রাজ্যপাল আর এন রবি ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর ধারার ২(বি) উপধারা প্রয়োগ করে বৃহস্পতিবার (৭ মে) আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী পদ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালার প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। রাজ্যপাল জানিয়েছেন, সংবিধান তাকে যে ক্ষমতা […]
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে। রাজ্যপাল আর এন রবি ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর ধারার ২(বি) উপধারা প্রয়োগ করে বৃহস্পতিবার (৭ মে) আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিয়েছেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী পদ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালার প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
রাজ্যপাল জানিয়েছেন, সংবিধান তাকে যে ক্ষমতা দিয়েছে, সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক অচলাবস্থা ও চলমান পরিস্থিতির প্রেক্ষাপটেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবারের মধ্যে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ৫ মে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না। মমতার দাবি ছিল, নির্বাচনে তিনি পরাজিত হননি এবং তাকে রাজনৈতিকভাবে সরানোর চেষ্টা চলছে। নিজেকে “রাস্তার মানুষ” উল্লেখ করে তিনি বলেন, তার রাজনৈতিক লড়াই এখন রাজপথেই চলবে।
এই পরিস্থিতিতে ‘ইন্ডিয়া’ জোটের অন্যতম নেতা অখিলেশ যাদব মমতার পাশে থাকার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে যা ঘটছে, তা শুধু একটি রাজ্যের সংকট নয়, বরং বৃহত্তর গণতান্ত্রিক প্রশ্নের সঙ্গে জড়িত।
রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সহিংসতার ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতের ওই হামলায় তার গাড়িচালকও আহত হন।
ঘটনার পর শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কারণেই তার সহকারী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তদন্তে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরবাইক উদ্ধার করা হলেও এখন পর্যন্ত মূল হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
বিধানসভা বিলুপ্তি, মুখ্যমন্ত্রীর অপসারণ এবং রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, রাজ্যটি এখন বড় ধরনের রাজনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি।