ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানিকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কারণ হিসেবে অনেকেই উল্লেখ করেন, কয়েক বছর ধরে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, অন্যদিকে ওমর সানি রয়েছেন দেশে। তবে এসব গুঞ্জনের মধ্যে ওমর সানির ৫৫তম জন্মদিনে মৌসুমীর পাঠানো একটি ভিডিও বার্তা নতুন করে আলোচনায় আসে। ভিডিওতে কেক সামনে রেখে […]
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানিকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কারণ হিসেবে অনেকেই উল্লেখ করেন, কয়েক বছর ধরে মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, অন্যদিকে ওমর সানি রয়েছেন দেশে।
তবে এসব গুঞ্জনের মধ্যে ওমর সানির ৫৫তম জন্মদিনে মৌসুমীর পাঠানো একটি ভিডিও বার্তা নতুন করে আলোচনায় আসে। ভিডিওতে কেক সামনে রেখে ওমর সানিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায় মৌসুমীকে।
তিনি বলেন, “শুভ জন্মদিন সানি, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি চাই তুমি সবসময় আমার জীবনের বটগাছ হয়ে পাশে থাকো।”
এছাড়া তিনি আরও বলেন, “বারবার তোমাকে এভাবেই আমার পাশে চাই, সবসময়ের জন্য। লাভ ইউ।”
স্ত্রীর এমন আবেগঘন শুভেচ্ছার জবাবে ওমর সানিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, “ধন্যবাদ প্রিয়দর্শিনী, তোমার জন্য দোয়া।”
এ ঘটনায় ভক্তদের অনেকেই মনে করছেন, তাদের বিচ্ছেদের গুঞ্জনের বাস্তব ভিত্তি নেই। বরং দূরত্বের মধ্যেও সম্পর্কের উষ্ণতা অটুট রয়েছে।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন ওমর সানি। তিনি জানান, মৌসুমীর মা অসুস্থ এবং তাদের মেয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। সে কারণেই মৌসুমী সেখানে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, তার নিজের ভিসাজনিত জটিলতার কারণে নিয়মিত যুক্তরাষ্ট্রে যেতে পারেন না। ভিসা থাকলে তিনি বহুবার সেখানে যেতেন বলেও উল্লেখ করেন।
ওমর সানির ভাষ্য, মানুষ তাদের সম্পর্ক নিয়ে যেভাবে নানা ব্যাখ্যা দিচ্ছে, তা তাকে বিব্রত করছে।
পর্দায় মৌসুমী ও ওমর সানির জুটি প্রথম দেখা যায় ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দোলা’ সিনেমায়। এরপর ‘আত্মঅহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’ ও ‘হারানো প্রেম’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন তারা।
কাজের সূত্রে গড়ে ওঠা সম্পর্ক পরে বাস্তব জীবনেও রূপ নেয়। ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে তারা এখনও ঢালিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে পরিচিত।