যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনতে যাচ্ছে ভারত। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রায় ৪২ কোটি ৮২ লাখ ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। এই চুক্তির আওতায় ভারত মূলত অ্যাপাচে যুদ্ধ হেলিকপ্টার এবং এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার সংগ্রহ করবে। দুই ধাপে এসব সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে বলে জানানো […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনতে যাচ্ছে ভারত। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রায় ৪২ কোটি ৮২ লাখ ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে।
এই চুক্তির আওতায় ভারত মূলত অ্যাপাচে যুদ্ধ হেলিকপ্টার এবং এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার সংগ্রহ করবে। দুই ধাপে এসব সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মোট অর্থের বড় অংশ ব্যয় হবে এম-৭৭৭ এ২ হাউইৎজার ব্যবস্থা, যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার জন্য। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২৩ কোটি ডলার।
অন্যদিকে বাকি অর্থ দিয়ে ভারত অ্যাপাচে হেলিকপ্টার কিনবে। তবে কতটি হেলিকপ্টার সরবরাহ করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
দীর্ঘদিন ধরেই ভারতের প্রতিরক্ষা খাতে রাশিয়ার প্রভাব বেশি ছিল। স্বাধীনতার পর থেকে দেশটি অধিকাংশ সামরিক সরঞ্জাম রাশিয়ার কাছ থেকেই সংগ্রহ করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত বাড়ছে।
বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত ভারসাম্য রক্ষায় ওয়াশিংটন এখন নয়াদিল্লিকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারতকে মার্কিন অস্ত্র কেনার বিষয়ে আরও বেশি উৎসাহ ও চাপ দেওয়া হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই বিক্রয় চুক্তি দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে এবং দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।