মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মুসলিম দেশগুলোর উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরান তাদের অবস্থান থেকে সরে যাবে না এবং মুসলিম বিশ্বকে এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা–র প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সাম্প্রতিক হামলার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশের কাছ […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মুসলিম দেশগুলোর উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরান তাদের অবস্থান থেকে সরে যাবে না এবং মুসলিম বিশ্বকে এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা–র প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সাম্প্রতিক হামলার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় হতাশা প্রকাশ করেন লারিজানি। তার দাবি, কিছু দেশ উল্টো ইরানকে প্রতিপক্ষ হিসেবে দেখছে।
লারিজানি বলেন, উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তার ভাষ্য অনুযায়ী, এসব ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–সম্পর্কিত স্থাপনায় সামরিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় সেগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
তবে ইরান দাবি করছে, তারা মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোকেই লক্ষ্য করছে। যদিও সংঘাতের মধ্যে উপসাগরীয় অঞ্চলের কিছু বেসামরিক অবকাঠামো—হোটেল ও জ্বালানি স্থাপনাতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লারিজানি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি থাকলেও ইরান নীরব দর্শকের মতো বসে থাকবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়।
তিনি মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, চলমান সংঘাত মূলত একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান ও তাদের সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে। তার মতে, এই বাস্তবতায় মুসলিম দেশগুলোর অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন।
একই সঙ্গে লারিজানি দাবি করেন, ইরানের লক্ষ্য অঞ্চলে আধিপত্য বিস্তার নয়। তবে তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করার মতো পরিস্থিতি নেই এবং ইসরায়েলকে তিনি মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেন।