যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ওয়াশিংটন যদি ‘সীমিত হামলার’ হুমকি বাস্তবায়ন করে, তাহলে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না—বরং গোটা মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের সূচনা হতে পারে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, যেকোনো ধরনের সামরিক আক্রমণই আগ্রাসনের শামিল এবং […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ওয়াশিংটন যদি ‘সীমিত হামলার’ হুমকি বাস্তবায়ন করে, তাহলে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না—বরং গোটা মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের সূচনা হতে পারে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, যেকোনো ধরনের সামরিক আক্রমণই আগ্রাসনের শামিল এবং ইরান তার বিরুদ্ধে কঠোর জবাব দিতে প্রস্তুত। তিনি বলেন, সীমিত বা আংশিক হামলার ধারণাও ইরানের কাছে গ্রহণযোগ্য নয়।
ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে এমন যুদ্ধংদেহী বক্তব্য সামনে এলো। জেনেভায় ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার আবারও আলোচনা বসতে পারে, যদিও এখনো আলোচনার নির্দিষ্ট রূপরেখা চূড়ান্ত হয়নি।
এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক অভিযান বিবেচনায় রয়েছে। তবে ইরান জানিয়েছে, তারা আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী থাকলেও কোনো চাপ বা হুমকির মুখে সিদ্ধান্ত নেবে না।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাদি বলেছেন, আসন্ন আলোচনা নতুন সুযোগ তৈরি করতে পারে, তবে আগ্রাসনের পথ বেছে নিলে তার পরিণতি শুধু একটি দেশের ভেতরে সীমাবদ্ধ থাকবে না। এতে আঞ্চলিক অস্থিরতা চরম আকার ধারণ করতে পারে বলেও তিনি সতর্ক করেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছে। জানুয়ারিতে শুরু হওয়া আন্দোলনের স্লোগানগুলো ফের নতুন করে রাজপথে শোনা যাচ্ছে, যা সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।
এ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ভারত, সুইডেন, পোল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র লেবাননে অবস্থানরত তাদের নাগরিকদেরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংসদে দেওয়া বক্তব্যে বলেন, ইরান যদি কোনো ধরনের হামলা চালায়, তাহলে এমন জবাব দেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারবে না।
ইউরোপীয় ইউনিয়ন উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে বলেছে, ইরান বর্তমানে দুর্বল অবস্থানে রয়েছে এবং এই মুহূর্তকে সংঘাত এড়ানোর সুযোগ হিসেবে কাজে লাগানো উচিত।
এর মধ্যেই তেহরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা ইরানের পতাকা পুড়িয়ে ‘ইসলামী প্রজাতন্ত্রের পতন’ স্লোগান দিচ্ছে, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে।