সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:২৭ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চাপের মুখে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি থেকে সৃষ্ট প্রভাব সামাল দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে যেতে গিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে ভারত। বিরোধীদের মতে, এই চুক্তি ওয়াশিংটনের কাছে ভারতের ‘অতিরিক্ত ছাড়’ দেওয়ার শামিল। এএফপি জানায়, মুম্বাই থেকে পাওয়া তথ্যে জানা গেছে, চলতি মাসে ঘোষিত এই চুক্তি বিশেষ করে ভারতের শক্তিশালী কৃষক সংগঠনগুলোর মধ্যে গভীর উদ্বেগ […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চাপের মুখে ভারত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি থেকে সৃষ্ট প্রভাব সামাল দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে যেতে গিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে ভারত। বিরোধীদের মতে, এই চুক্তি ওয়াশিংটনের কাছে ভারতের ‘অতিরিক্ত ছাড়’ দেওয়ার শামিল।

এএফপি জানায়, মুম্বাই থেকে পাওয়া তথ্যে জানা গেছে, চলতি মাসে ঘোষিত এই চুক্তি বিশেষ করে ভারতের শক্তিশালী কৃষক সংগঠনগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা, সস্তা মার্কিন পণ্য আমদানি বাড়লে দেশীয় উৎপাদকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। ভারতে প্রায় ৭০ কোটির বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল।

চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি এখনও প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত কেবল একটি যৌথ বিবৃতি এবং হোয়াইট হাউসের একটি তথ্যপত্র প্রকাশ পেয়েছে। তবে ভারত সরকার জানিয়েছে, মার্চের শেষ নাগাদ একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা হতে পারে।

বাণিজ্য বিশ্লেষক অভিজিৎ দাস বলেন, ট্রাম্প প্রশাসনের অধীনে কোনো সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে নিশ্চিত বলা যায় না। তার মতে, চুক্তি হলেও তা বাস্তবে কতটা টেকসই হবে, তা নির্ভর করবে হোয়াইট হাউসের ভবিষ্যৎ নীতিগত অবস্থানের ওপর।

চুক্তির সবচেয়ে আলোচিত দিক হচ্ছে—আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানির বিষয়ে ভারতের ‘ইচ্ছা’ প্রকাশ। অথচ সর্বশেষ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ভারতের মোট আমদানি ছিল প্রায় ৪৫ বিলিয়ন ডলার।

নয়াদিল্লিভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান অজয় শ্রীবাস্তব বলেন, বছরে ১০০ বিলিয়ন ডলারের আমদানি বাস্তবসম্মত নয়। তিনি জানান, এই লক্ষ্যের বড় অংশই বাণিজ্যিক উড়োজাহাজ কেনার ওপর নির্ভর করছে। তবে বেসরকারি বিমান সংস্থাগুলো অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কিনলেও কাঙ্ক্ষিত অঙ্কে পৌঁছানো কঠিন হবে। উদাহরণ দিয়ে তিনি বলেন, পাঁচ বছরে ২০০টি বোয়িং উড়োজাহাজ কিনলেও মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬০ বিলিয়ন ডলার।

তবে কিছু অর্থনীতিবিদের মতে, লক্ষ্যটিকে বাধ্যতামূলক প্রতিশ্রুতি নয় বরং ‘ইচ্ছা’ হিসেবে উপস্থাপন করায় ভারতের ঝুঁকি তুলনামূলকভাবে কমেছে। ক্যাপিটাল ইকোনমিকসের শিভান ট্যান্ডন বলেন, এতে করে ভবিষ্যতে চুক্তি ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে।

এদিকে আরেকটি বিতর্ক সৃষ্টি হয়েছে রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে। ওয়াশিংটনের দাবি, ভারত রুশ তেল কেনা বন্ধে সম্মত হওয়ায় যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে। তবে যৌথ বিবৃতিতে এমন কোনো প্রতিশ্রুতির উল্লেখ নেই এবং নয়াদিল্লিও এ বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান নেয়নি।

ভারত সরকার জানিয়েছে, তাদের জ্বালানি নীতি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে নির্ধারিত এবং বিভিন্ন উৎস থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরশীল।

২০২৫ সালের মাঝামাঝি সময়ে ভারত দৈনিক দুই মিলিয়নের বেশি ব্যারেল রুশ তেল আমদানি করলেও চলতি বছরের জানুয়ারিতে তা কমে প্রায় ১১ লাখ ব্যারেলে নেমে আসে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের জন্য রাষ্ট্রায়ত্ত রিফাইনারিগুলো ভেনেজুয়েলা থেকে তেল আমদানি শুরু করেছে।

তবে রুশ তেল আমদানি পুরোপুরি বন্ধ হবে কি না, তা এখনো অনিশ্চিত। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রোজনেফটের আংশিক মালিকানাধীন মুম্বাইভিত্তিক নায়ারা এনার্জি প্রতিদিন প্রায় চার লাখ ব্যারেল তেল কেনার পরিকল্পনা বজায় রাখছে।

ফিচ সলিউশনসের অঙ্গপ্রতিষ্ঠান বিএমআই-এর বিশ্লেষক ড্যারেন টে বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে রুশ তেল আমদানি বন্ধের ঘোষণা না দিয়ে মূল্য ও সরবরাহের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে, যা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলছে। তার মতে, স্পট মার্কেটে রুশ তেল কেনা কমানো হলেও তা সম্পূর্ণ প্রত্যাহারের ইঙ্গিত দেয় না।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তিটি এখনো রাজনৈতিকভাবে সংবেদনশীল ও কাঠামোগতভাবে দুর্বল। ফলে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসে তাৎক্ষণিক কোনো বড় পরিবর্তন আনার মতো স্থিতিশীলতা এখনো তৈরি হয়নি।

সূত্র: বিএসএস

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ