সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১২:৩১ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল ইরান, হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন ধারাবাহিকভাবে সমঝোতার শর্ত লঙ্ঘন করায় চুক্তিটি কার্যত অকার্যকর হয়ে গেছে। ফলে সংঘাত প্রশমনে গত মাসে হওয়া ওই সমঝোতার কোনো শর্ত মানতে ইরান আর বাধ্য নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের দাবি, সাম্প্রতিক সময়ে তাদের বন্দরগুলোর ওপর নতুন করে […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক বাতিল করল ইরান, হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন ধারাবাহিকভাবে সমঝোতার শর্ত লঙ্ঘন করায় চুক্তিটি কার্যত অকার্যকর হয়ে গেছে। ফলে সংঘাত প্রশমনে গত মাসে হওয়া ওই সমঝোতার কোনো শর্ত মানতে ইরান আর বাধ্য নয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের দাবি, সাম্প্রতিক সময়ে তাদের বন্দরগুলোর ওপর নতুন করে নৌ অবরোধ আরোপ, সামরিক চাপ বৃদ্ধি এবং অন্যান্য পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু সমঝোতার অঙ্গীকার ভঙ্গই করেনি, বরং পুরো চুক্তির ভিত্তিই নষ্ট করেছে।

এই অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন অবস্থানও স্পষ্ট করেছে তেহরান। যুদ্ধকালীন পরিস্থিতিতে কৌশলগত এই সমুদ্রপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।

এদিকে বুধবার ভোরে ইরানের বিভিন্ন বন্দরকে কেন্দ্র করে নতুন করে নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন এই পদক্ষেপের পর অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়ে যায়। বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনা ও স্থাপনাকে লক্ষ্য করে নতুন হামলার খবরও পাওয়া গেছে। ফলে যুদ্ধবিরতির লক্ষ্যে হওয়া অন্তর্বর্তী সমঝোতা আরও অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে যেকোনো মূল্য দিয়েই হরমুজ প্রণালির ওপর পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ইরান।

তাসনিম নিউজ এজেন্সির বরাতে তিনি জানান, স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালির তদারকি ইরান ও ওমানের মধ্যে ভাগাভাগি থাকে। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে দেশের নিরাপত্তার স্বার্থে পুরো প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকা প্রয়োজন।

গারিবাবাদি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার কোনো আবেদন করবে না ইরান। তার ভাষায়, ভবিষ্যৎ সিদ্ধান্ত ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা বিবেচনা করেই নেওয়া হবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। বৈশ্বিক অপরিশোধিত তেলের একটি বড় অংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চল ঘিরে নতুন উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ