যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার জন্য ইরানি প্রতিনিধিদের অনুমতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই অনুমতির অর্থ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অবস্থান বা দাবি মেনে নেওয়া নয়। শুক্রবার টেলিগ্রামে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর এটিই ছিল খামেনির প্রথম […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার জন্য ইরানি প্রতিনিধিদের অনুমতি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই অনুমতির অর্থ কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অবস্থান বা দাবি মেনে নেওয়া নয়।
শুক্রবার টেলিগ্রামে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর এটিই ছিল খামেনির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।
বার্তায় খামেনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে শুরুতে তার আপত্তি ছিল। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে তিনি শেষ পর্যন্ত আলোচনার অনুমোদন দেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যরা তাকে আশ্বস্ত করেছেন যে, আলোচনার পুরো প্রক্রিয়ায় ইরানি জনগণের অধিকার এবং ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর স্বার্থ অক্ষুণ্ন রাখা হবে। সেই প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই তিনি আলোচনার অনুমতি দিয়েছেন।
খামেনি আরও বলেন, আলোচনায় অংশ নেওয়া কর্মকর্তারা দায়িত্বশীলতা ও সদিচ্ছা নিয়ে কাজ করেছেন। তাদের প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিনিধিরা দেশের স্বার্থ রক্ষার লক্ষ্যেই এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন।
একই সঙ্গে তিনি দাবি করেন, আলোচনার পক্ষে থাকা কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন যে যুক্তরাষ্ট্র যদি সমঝোতার বাইরে অতিরিক্ত কোনো ছাড় দাবি করে, তাহলে তা গ্রহণ করা হবে না। ইরানের জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে খামেনি বলেন, তার মতে ট্রাম্প “হতাশা থেকেই” এই চুক্তিতে সম্মত হয়েছেন। যদিও এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (আইএনএসএস) ইরানবিষয়ক কর্মসূচির পরিচালক রাজ জিম্ট খামেনির বক্তব্যকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।
অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির বক্তব্য থেকে বোঝা যায় যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখার বিষয়ে নীতিগত সমর্থন দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি এমন অবস্থানও নিয়েছেন যাতে আলোচনার ফলাফল নেতিবাচক হলে রাজনৈতিক দায়ভার নিজের কাঁধে না আসে।
রাজ জিম্টের মতে, যদি আলোচনার মাধ্যমে ইরানের জন্য সুবিধাজনক কোনো সমঝোতা অর্জিত হয়, তাহলে খামেনি তার কৃতিত্ব দাবি করতে পারবেন। অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে তিনি এবং তার সমর্থকেরা বলতে পারবেন যে শুরু থেকেই তিনি এ প্রক্রিয়ার বিষয়ে সংশয়ী ছিলেন।
বিশ্লেষকদের মতে, খামেনির এই বক্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। একদিকে তিনি আলোচনার পথ খোলা রাখছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর অবস্থানের বার্তাও বজায় রাখছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সংঘাত ও কূটনৈতিক উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় উভয় পক্ষ আগামী কয়েক সপ্তাহ ধরে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।
সূত্র: অ্যাক্সিওস