যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই বিভিন্ন দেশের পারমাণবিক কার্যক্রম নিয়ে কড়া নজরদারি চালিয়ে আসছে। এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে ১৩ দশমিক ৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করেছে ওয়াশিংটন। মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার একটি পুরোনো গবেষণা রিয়্যাক্টর থেকে এই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার যৌথ অভিযানে। শুক্রবার (৮ মে) আনুষ্ঠানিকভাবে এ তথ্য […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই বিভিন্ন দেশের পারমাণবিক কার্যক্রম নিয়ে কড়া নজরদারি চালিয়ে আসছে। এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে ১৩ দশমিক ৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করেছে ওয়াশিংটন।
মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার একটি পুরোনো গবেষণা রিয়্যাক্টর থেকে এই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার যৌথ অভিযানে। শুক্রবার (৮ মে) আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করা হয়।
মার্কিন জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের প্রধান ব্র্যান্ডন উইলিয়ামস দাবি করেন, এই পদক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার বার্তা দিয়েছে।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, অত্যন্ত সংবেদনশীল এই অভিযানে ইউরেনিয়াম স্থল ও সমুদ্রপথে নিরাপদে উত্তর আমেরিকায় নেওয়া হয়। পরে তা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিশেষ স্থাপনায় স্থানান্তর করা হয়।
সম্প্রতি ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কেও কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। দীর্ঘদিনের উত্তেজনার পর দুই দেশের মধ্যে আবার কূটনৈতিক যোগাযোগ বাড়ছে। ইতোমধ্যে কয়েকজন মার্কিন কর্মকর্তা ভেনেজুয়েলা সফর করেছেন এবং বহু বছর পর দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটও চালু হয়েছে।