যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র যদি আবার ইরানের ওপর হামলা চালায়, তাহলে তেহরান আরও বড় ধরনের প্রতিক্রিয়া দেখাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন। আরাগচি দাবি করেন, যুদ্ধ শুরুর দুই মাসের বেশি সময় পর মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে ইরানের সঙ্গে […]
ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র যদি আবার ইরানের ওপর হামলা চালায়, তাহলে তেহরান আরও বড় ধরনের প্রতিক্রিয়া দেখাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই সতর্কবার্তা দেন।
আরাগচি দাবি করেন, যুদ্ধ শুরুর দুই মাসের বেশি সময় পর মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার আর্থিক মূল্য কয়েকশ’ কোটি ডলারের সমান। তার ভাষ্য অনুযায়ী, ভূপাতিত হওয়া প্রথম মার্কিন যুদ্ধবিমানটি ছিল অত্যাধুনিক এফ-৩৫, যা ইরানের সশস্ত্র বাহিনী গুলি করে নামিয়েছিল।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সংঘাত থেকে ইরান যে সামরিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে, তা ভবিষ্যতে আরও কার্যকরভাবে ব্যবহার করা হবে। তাই যুক্তরাষ্ট্র যদি আবার হামলার পথ বেছে নেয়, তাহলে তাদের জন্য আরও বড় ‘চমক’ অপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি।
ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয় এবং এখন পর্যন্ত সেটি বহাল রয়েছে।
তবে যুদ্ধবিরতি চলমান থাকলেও দুই পক্ষের উত্তেজনা পুরোপুরি কমেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আবারও ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি নতুন যুদ্ধ চান না, তবে পরিস্থিতি প্রয়োজন হলে ইরানের ওপর আরও বড় হামলা চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তার এই বক্তব্য প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি।