দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘গুনভর ইউএসএ এলএলসি’ (Gunvor USA LLC) থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে দীর্ঘ ১৩ বছর মেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত মেয়াদে এই চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠানটি প্রতি বছর বাংলাদেশে ৬টি করে এলএনজি কার্গো সরবরাহ করবে। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে […]
ছবি: সংগৃহীত
দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘গুনভর ইউএসএ এলএলসি’ (Gunvor USA LLC) থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে দীর্ঘ ১৩ বছর মেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত মেয়াদে এই চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠানটি প্রতি বছর বাংলাদেশে ৬টি করে এলএনজি কার্গো সরবরাহ করবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বিদ্যমান গ্যাসের ঘাটতি ও ভবিষ্যতের বাড়তি চাহিদা বিবেচনায় নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই দীর্ঘমেয়াদি আমদানির উদ্যোগ নেয়। প্রস্তাবিত এই চুক্তিটি প্রক্রিয়াকরণ ও চূড়ান্তভাবে সম্পাদন করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা।
বর্তমানে কাতার, ওমান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে মোট সাতটি জিটুজি চুক্তির আওতায় এলএনজি আমদানি করছে বাংলাদেশ। দীর্ঘমেয়াদি এ নতুন সরবরাহ নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি বা অস্থিরতার মধ্যেও দেশে গ্যাস সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে।
সংশ্লিষ্টদের মতে, এ চুক্তির ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও শিল্পকারখানাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।