নাইজেরিয়ায় মার্কিন ও দেশটির যৌথ বাহিনীর বড় ধরনের সামরিক অভিযানে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ১৭৫ সদস্য নিহত হয়েছে। বিমান ও স্থলপথে পরিচালিত এই অভিযান গত তিন দিন ধরে চলে বলে জানিয়েছে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা জানান, ১৬ থেকে ১৯ মে […]
ছবি: সংগৃহীত
নাইজেরিয়ায় মার্কিন ও দেশটির যৌথ বাহিনীর বড় ধরনের সামরিক অভিযানে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ১৭৫ সদস্য নিহত হয়েছে। বিমান ও স্থলপথে পরিচালিত এই অভিযান গত তিন দিন ধরে চলে বলে জানিয়েছে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনী।
মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা জানান, ১৬ থেকে ১৯ মে পর্যন্ত পরিচালিত ধারাবাহিক অভিযানে আইএস ও তাদের পশ্চিম আফ্রিকাভিত্তিক শাখা আইএসডব্লিউএপি-এর বহু সদস্য নিহত হয়। একই সঙ্গে জঙ্গিদের একাধিক চেকপয়েন্ট, অস্ত্রাগার এবং সরবরাহ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নিজেদের প্রধান ঘাঁটি হারানোর পর আইএস আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তৎপরতা বাড়ায়। বিশেষ করে ২০১৮-১৯ সালের পর থেকে নাইজেরিয়া, নাইজার, চাদ ও আশপাশের এলাকায় সংগঠনটির কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বর্তমানে ‘ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স’ বা আইএসডব্লিউএপি নামে সেখানে সক্রিয় রয়েছে তারা।
সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে বিশ্বজুড়ে আইএস-সংশ্লিষ্ট সহিংস ঘটনার প্রায় ৮৬ শতাংশই আফ্রিকার বিভিন্ন দেশে সংঘটিত হয়েছে।
নাইজেরিয়াকে দীর্ঘদিন ধরেই আইএস, বোকো হারাম এবং আল-কায়দা-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর অন্যতম বড় ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এসব সংগঠন হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায় এবং সশস্ত্র হামলার মাধ্যমে দীর্ঘদিন ধরে দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে রেখেছে।
চলতি বছরের শুরুতে সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায় নাইজেরিয়া। পরে ফেব্রুয়ারিতে প্রায় ১০০ মার্কিন সামরিক কর্মকর্তা সেখানে মোতায়েন করা হয়। তারা নাইজেরীয় বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন।
নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, ১৬ মে পরিচালিত অভিযানে আইএসের বৈশ্বিক পর্যায়ের দ্বিতীয় শীর্ষ নেতা আবু বিলাল আল-মিনুকি নিহত হন। এছাড়া পরবর্তী কয়েকদিনের অভিযানে আইএসডব্লিউএপি-এর গুরুত্বপূর্ণ নেতা আবদ-আল ওয়াহাব, আবু মুসা আল-মাঙ্গাউই এবং আল-মিনুকির ঘনিষ্ঠ সহযোগী আবু আল মুথান্না আল মুহাজিরও নিহত হয়েছেন।
নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিগোষ্ঠীগুলো পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।