যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সংঘাত চলাকালে পাকিস্তান গোপনে ইরানি সামরিক বিমানকে নিজেদের বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছিল বলে দাবি উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও পর্দার আড়ালে তেহরানকে সহায়তা করেছে ইসলামাবাদ। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্যমতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান কয়েকটি সামরিক বিমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সংঘাত চলাকালে পাকিস্তান গোপনে ইরানি সামরিক বিমানকে নিজেদের বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছিল বলে দাবি উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করলেও পর্দার আড়ালে তেহরানকে সহায়তা করেছে ইসলামাবাদ।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্যমতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান কয়েকটি সামরিক বিমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে সরিয়ে নেয়। এসব বিমানের মধ্যে নজরদারি কাজে ব্যবহৃত একটি ‘আরসি-১৩০’ রিকনেসান্স বিমানও ছিল বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য মার্কিন বিমান হামলা থেকে কৌশলগত সম্পদ রক্ষার অংশ হিসেবে ইরান পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানেও অন্তত একটি বেসামরিক বিমান সরিয়ে নিয়েছিল।
আফগানিস্তানের এক বিমান কর্মকর্তার বরাতে জানানো হয়, সংঘাত শুরুর আগে ইরানের মাহান এয়ারের একটি বিমান কাবুলে অবতরণ করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেটিকে হেরাত বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়।
তবে পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নূর খান বিমানঘাঁটিতে ইরানি বিমানের উপস্থিতির খবর সঠিক নয়। তার দাবি, ঘাঁটিটি জনবহুল এলাকায় হওয়ায় এমন কোনো কার্যক্রম গোপন রাখা সম্ভব ছিল না।
একইভাবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও আফগানিস্তানে ইরানি বিমানকে আশ্রয় দেওয়ার অভিযোগ নাকচ করেছেন।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভারসাম্য বজায় রাখা পাকিস্তানের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে চীনের ওপর পাকিস্তানের নির্ভরতা বেড়ে যাওয়ায় ভূরাজনৈতিক সমীকরণ আরও জটিল হচ্ছে।
এদিকে ইরানের সাম্প্রতিক প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রস্তাবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালীর ওপর তেহরানের নিয়ন্ত্রণের স্বীকৃতি চাওয়া হয়েছিল।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস