আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা রাক্ষস–এর ট্রেলার অবশেষে প্রকাশ পেয়েছে। ট্রেলারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি অন্ধকার এক জগতের ইঙ্গিত মিলেছে ট্রেলারে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ট্রেলারের শুরুতেই দেখা যায় উত্তেজনাপূর্ণ কিছু দৃশ্য—কোথাও আতঙ্ক, কোথাও ধাওয়া, আবার কোথাও অদ্ভুত এক […]
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা রাক্ষস–এর ট্রেলার অবশেষে প্রকাশ পেয়েছে। ট্রেলারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি অন্ধকার এক জগতের ইঙ্গিত মিলেছে ট্রেলারে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
ট্রেলারের শুরুতেই দেখা যায় উত্তেজনাপূর্ণ কিছু দৃশ্য—কোথাও আতঙ্ক, কোথাও ধাওয়া, আবার কোথাও অদ্ভুত এক রহস্যের আভাস। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ। তার চরিত্রকে ঘিরে গড়ে উঠেছে এক জটিল দ্বন্দ্ব, যেখানে মানবিকতা ও ভয়াবহতার মাঝামাঝি অবস্থান করছে গল্পটি।
এই সিনেমার মাধ্যমে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। ট্রেলারে তাকে দেখা গেছে ভিন্নধর্মী এক চরিত্রে, যেখানে রহস্যের পাশাপাশি আবেগের উপস্থিতিও রয়েছে।
তবে ট্রেলারের সবচেয়ে আলোচিত অংশটি এসেছে একেবারে শেষ দিকে। কয়েক সেকেন্ডের জন্য পর্দায় দেখা যায় টাক মাথা ও শরীরজুড়ে ট্যাটু করা এক ভয়ংকর ভিলেনকে। তার হাঁটার ভঙ্গি ও উপস্থিতি পুরো ট্রেলারের আবহকে আরও তীব্র করে তোলে। কিন্তু ওই চরিত্রে কে অভিনয় করেছেন—এই প্রশ্নেই শুরু হয় নেটিজেনদের জল্পনা।
অনেকে ধারণা করেছিলেন, এটি নতুন কোনো মুখ হতে পারে; আবার কেউ মনে করেছিলেন পরিচিত কোনো অভিনেতাকে সম্পূর্ণ ভিন্ন লুকে উপস্থাপন করা হয়েছে। নির্মাতারা বিষয়টি নিয়ে মুখ না খোলায় রহস্য আরও বাড়ে।
তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সেই রহস্যময় ভিলেন চরিত্রটিতেও অভিনয় করেছেন সিয়াম আহমেদ। প্রস্থেটিক মেকআপের মাধ্যমে তাকে সম্পূর্ণ ভিন্ন চেহারায় উপস্থাপন করা হয়েছে। ফলে সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে—একদিকে নায়ক, অন্যদিকে প্রধান খলনায়ক।
অ্যাকশন, থ্রিল ও রহস্যঘেরা এই সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডল, সাদনিমা নোমান, শাতাফ ফিগার এবং শ্যাম ভট্টাচার্য্য।
জানা গেছে, সিনেমাটি শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। এখন দর্শকদের অপেক্ষা—বড় পর্দায় ‘রাক্ষস’-এর আসল রহস্য কীভাবে উন্মোচিত হয়।