মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বন্ধ করে দিয়েছে তেহরান। বুধবার (৮ এপ্রিল) ইরানি গণমাধ্যম ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলবাহী ট্যাংকার […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। লেবাননে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচল আবারও বন্ধ করে দিয়েছে তেহরান।
বুধবার (৮ এপ্রিল) ইরানি গণমাধ্যম ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সকালে ইরানের অনুমতি নিয়ে দুটি তেলবাহী ট্যাংকার প্রণালি অতিক্রম করলেও বর্তমানে ওই নৌপথ দিয়ে সব ধরনের চলাচল বন্ধ রয়েছে।
হরমুজ প্রণালি খোলা রাখা ইরান-যুক্তরাষ্ট্রের সাময়িক যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত ছিল। তবে লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে জরুরি ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তেহরান সতর্ক করে জানিয়েছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা পুরো শান্তিচুক্তি থেকে সরে আসবে এবং পাল্টা পদক্ষেপ নেবে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননও রয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী সেই দাবি প্রত্যাখ্যান করে জানায়, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে ট্রাম্পের আলটিমেটামের পর ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়েছিল, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছিল। কিন্তু প্রণালিটি ফের বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।