দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর শনিবার (২০ জুন) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা চুক্তির শর্ত ইসরায়েল লঙ্ঘন করেছে। বিশেষ করে লেবাননে চালানো সামরিক […]
ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর শনিবার (২০ জুন) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা চুক্তির শর্ত ইসরায়েল লঙ্ঘন করেছে। বিশেষ করে লেবাননে চালানো সামরিক অভিযানকে ওই চুক্তির পরিপন্থী উল্লেখ করে তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্থগিত করার ঘোষণা দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, এটি ইরানের পক্ষ থেকে নেওয়া প্রাথমিক পদক্ষেপ। ইসরায়েল যদি সামরিক অভিযান অব্যাহত রাখে, তবে পরিস্থিতির প্রেক্ষিতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। একই সঙ্গে প্রতিপক্ষকে তাদের অঙ্গীকার মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের উল্লেখযোগ্য অংশ এই প্রণালি দিয়ে পরিচালিত হয়। ফলে এর কার্যক্রম বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
তবে ইরানের ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, প্রণালিতে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হওয়ার স্পষ্ট প্রমাণ এখনো দেখা যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে এবং সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।