লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ছয় সপ্তাহের বেশি সময় ধরে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাত এবং তা ঘিরে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে মন্ত্রিসভার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টি […]
ছবি: সংগৃহীত
লেবাননে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ছয় সপ্তাহের বেশি সময় ধরে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাত এবং তা ঘিরে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে মন্ত্রিসভার এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা জোরালো হয়েছে। হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা ইব্রাহিম আল-মুসাভি বলেছেন, ইরানসহ আঞ্চলিক কয়েকটি দেশের মধ্যস্থতায় খুব শিগগিরই যুদ্ধবিরতির সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে লেবাননের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাও জানিয়েছেন, একটি সমঝোতায় পৌঁছাতে নেপথ্যে জোর প্রচেষ্টা চলছে এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রেখেছে।
এর আগে মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে কয়েক দশকের মধ্যে বিরল সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও ওই বৈঠকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কাঠামো চূড়ান্ত হয়নি, তবে এটি দুই দেশের মধ্যে ভবিষ্যৎ শান্তি আলোচনার ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। ওয়াশিংটনের কূটনৈতিক মহল মনে করছে, এই সংলাপ সংঘাত প্রশমনে নতুন পথ খুলে দিতে পারে।
চলমান সংঘাতের সূত্রপাত ঘটে ২ মার্চ, যখন ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা চালায়। এর জবাবে ইসরায়েল দক্ষিণ লেবাননে বড় আকারের সামরিক অভিযান শুরু করে। স্থলবাহিনী ইতোমধ্যে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় অভিযান চালাচ্ছে এবং লিতানি নদী পর্যন্ত অঞ্চলকে হিজবুল্লাহর জন্য ‘নিষিদ্ধ এলাকা’ বানানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তেল আবিব।
লেবাননের কর্তৃপক্ষের হিসাবে, এ সংঘাতে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটেছে। সংঘাত দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।
বিশ্লেষকদের ধারণা, যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার স্থায়িত্বের ওপর। ইরান চাইছে মধ্যপ্রাচ্যের বৃহত্তর শান্তি চুক্তির অংশ হিসেবে লেবানন ইস্যুকেও অন্তর্ভুক্ত করা হোক, যদিও যুক্তরাষ্ট্র এখনো এই দুই আলোচনাকে আলাদা রেখেই এগোতে চাইছে। ফলে যুদ্ধবিরতির আশা জোরালো হলেও বাস্তবায়ন এখনো অনিশ্চিত রয়ে গেছে।