সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাণিজ্য
১২:৫৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৫

শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা সংক্রান্ত আর্থিক কার্যক্রম নির্বিঘ্ন করতে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক আ ন ম […]

শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র জমা সংক্রান্ত আর্থিক কার্যক্রম নির্বিঘ্ন করতে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক আ ন ম মঈনুল কবীর।

এতে বলা হয়, নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার সুবিধার্থে ২৭ ডিসেম্বর দেশের সব তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে। জনস্বার্থ বিবেচনায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে সরকারি ছুটি এবং পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। শনিবারও সাধারণত ব্যাংক বন্ধ থাকে। অথচ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। টানা কয়েক দিন ব্যাংক বন্ধ থাকলে প্রার্থীদের প্রয়োজনীয় আর্থিক লেনদেনে সমস্যা হতে পারে—এমন আশঙ্কা থেকে নির্বাচন কমিশন শনিবার ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়।

এ বিষয়ে বুধবার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম যেন সহজে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংককে শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে, যাতে সম্ভাব্য প্রার্থী বা তাঁদের প্রতিনিধিরা প্রয়োজনীয় লেনদেন সঠিকভাবে করতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ