বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’-এর বাগানসংলগ্ন এলাকায় একসঙ্গে দুটি সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে একটি শেডের নিচে পরস্পরের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান বাড়ির লোকজন। পরে একটি সাপ উদ্ধার করা সম্ভব হলেও অন্যটি সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে সাপ উদ্ধারকারী ভিকি […]
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা শাহরুখ খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’-এর বাগানসংলগ্ন এলাকায় একসঙ্গে দুটি সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে একটি শেডের নিচে পরস্পরের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় সাপ দুটিকে দেখতে পান বাড়ির লোকজন। পরে একটি সাপ উদ্ধার করা সম্ভব হলেও অন্যটি সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সাপ উদ্ধারকারী ভিকি দুবে বান্দ্রা ওয়েস্টের ওই বাসভবনে পৌঁছান। পরে তিনি বিষয়টি বন বিভাগের রাউন্ড অফিসার দীপক দাদা গায়কোয়াড় এবং থানে-মুম্বাই রেঞ্জ অফিসের কন্ট্রোলারকে জানান।
এরপর ভিকি দুবে প্রায় ৮ ফুট লম্বা একটি সাপ নিরাপদে উদ্ধার করেন। পরীক্ষা করে সাপটিকে ‘ধামান’ বা ইন্ডিয়ান র্যাট স্নেক হিসেবে শনাক্ত করা হয়। এটি বিষহীন এবং সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়।
তবে সাপটি উদ্ধারের সময় সেখানে লোকজন জড়ো হওয়ার সুযোগে দ্বিতীয় সাপটি পালিয়ে যায়। এরপর ‘মান্নাত’-এর নিরাপত্তাকর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
দ্বিতীয় সাপটির খোঁজে গভীর রাত পর্যন্ত বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানো হলেও সেটির সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধারকারী ভিকি দুবে সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং জানান, উদ্ধার করা সাপটি বিষহীন।
বন বিভাগের নিয়ম মেনে পরে উদ্ধার করা ধামান সাপটিকে নিরাপদ জায়গায় নিয়ে তার প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়েছে।
‘মান্নাত’-এর মতো ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় বড় আকারের বিষহীন সাপের উপস্থিতি নতুন করে নজর কেড়েছে। তবে দ্বিতীয় সাপটি কোথায় গেছে, তা এখনো জানা যায়নি।