প্রায় ২০ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়ে দীর্ঘ ক্যারিয়ারে শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন ভারতীয় প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক। রোমান্টিক সুরের অসংখ্য জনপ্রিয় গান দিয়ে যিনি একসময় সংগীতজগতকে সমৃদ্ধ করেছেন, সেই শিল্পী এখন ভুগছেন এক বিরল শ্রবণজনিত সমস্যায়। ফলে আপাতত তার পক্ষে নতুন কোনো গান রেকর্ড করা সম্ভব হচ্ছে না। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে […]
ছবি: সংগৃহীত
প্রায় ২০ হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়ে দীর্ঘ ক্যারিয়ারে শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন ভারতীয় প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক। রোমান্টিক সুরের অসংখ্য জনপ্রিয় গান দিয়ে যিনি একসময় সংগীতজগতকে সমৃদ্ধ করেছেন, সেই শিল্পী এখন ভুগছেন এক বিরল শ্রবণজনিত সমস্যায়। ফলে আপাতত তার পক্ষে নতুন কোনো গান রেকর্ড করা সম্ভব হচ্ছে না।
অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে গান থেকে দূরে আছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা জানান, এখনো বিভিন্ন সুরকার ও সংগীত পরিচালকের কাছ থেকে কাজের প্রস্তাব পাচ্ছেন। তবে শারীরিক অবস্থার কারণে সেসব প্রস্তাবে সাড়া দেওয়া তার জন্য সম্ভব হচ্ছে না। তার ভাষায়, প্রস্তাব আসে, কিন্তু তিনি কাজটি করতে পারছেন না।
জানা গেছে, অলকা ইয়াগনিক সেন্সরিনিউরাল হেয়ারিং লস নামের এক জটিল শ্রবণ সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের সমস্যা সাধারণত স্নায়ুর ক্ষতির কারণে হয়ে থাকে। তার ক্ষেত্রেও একটি আকস্মিক ভাইরাল সংক্রমণের পর এ সমস্যা দেখা দেয়।
২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার কথা জানানোর সময় অলকা লিখেছিলেন, একদিন ফ্লাইট থেকে নামার পর তিনি হঠাৎ বুঝতে পারেন যে কিছুই শুনতে পারছেন না। সেই অভিজ্ঞতা ছিল তার জন্য অত্যন্ত ভয়াবহ ও অপ্রত্যাশিত।
নিজের অসুস্থতার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, কিছু সপ্তাহ আগে ফ্লাইট থেকে নামার সময় হঠাৎ মনে হয়েছিল, তিনি কিছুই শুনতে পারছেন না। এরপর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, এটি ভাইরাসজনিত একটি বিরল সংবেদনশীল স্নায়ুজনিত শ্রবণহানি।
অলকা আরও জানান, এই আকস্মিক পরিবর্তন তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি ভক্তদের কাছে প্রার্থনাও চেয়েছিলেন, যেন ধীরে ধীরে এ পরিস্থিতি মেনে নিতে পারেন।
একই সঙ্গে তরুণ শিল্পীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, উচ্চ শব্দে গান শোনা এবং হেডফোনের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে সবাইকে সাবধান থাকতে হবে। তার মতে, শ্রবণশক্তি রক্ষায় আগেভাগে সতর্ক হওয়া জরুরি।
ইমতিয়াজ আলী পরিচালিত ‘অমর সিং চমকিলা’ ছবিতে সর্বশেষ গান গেয়েছিলেন অলকা ইয়াগনিক। ছবির ‘নারম কালজা’ গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি, যার সুর করেছিলেন এ আর রহমান। এ বছরের শুরুতে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানেও ভূষিত করে।