ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের পাশাপাশি বৈশ্বিক রাজনীতিতেও নতুন উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থেও বড় প্রভাব ফেলছে। তবে বেইজিং এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ানোর পথ এড়িয়ে চলছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম বলেন, চীন […]
ছবি: সংগৃহীত
ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের পাশাপাশি বৈশ্বিক রাজনীতিতেও নতুন উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থেও বড় প্রভাব ফেলছে। তবে বেইজিং এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে জড়ানোর পথ এড়িয়ে চলছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুহানাদ সেলুম বলেন, চীন একদিকে ইরানকে পুরোপুরি একা ফেলতে চায় না, অন্যদিকে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর ঝুঁকিও নিতে আগ্রহী নয়।
তার ভাষ্য অনুযায়ী, সরাসরি যুদ্ধে অংশ নিলে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এজন্য বেইজিং এখন কূটনৈতিক ও পরোক্ষ সহায়তার পথ বেছে নিয়েছে।
বিশ্লেষকদের দাবি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী কয়েকটি প্রস্তাব আটকে দিতে ইতোমধ্যে চীন তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে তেহরানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর কিছু উদ্যোগেও বেইজিং আপত্তি জানিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া প্রকাশ্যে সামরিক সহায়তা না দিলেও প্রযুক্তিগত ও কারিগরি সহায়তার মাধ্যমে চীন ইরানকে সহযোগিতা করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে এই সহায়তা চলতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাবের ভারসাম্য রক্ষায় কৌশলগতভাবে ইরানের পাশে থাকতে চায় চীন। তবে একই সঙ্গে তারা এমন কোনো পদক্ষেপ এড়াতে চাইছে, যা সরাসরি বড় ধরনের আন্তর্জাতিক সংঘাতে জড়িয়ে ফেলতে পারে।