বলিউড সুপারস্টার সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে। তবে এসব গুঞ্জনের মধ্যে নিজের ফিটনেসের ঝলক দেখিয়ে রহস্যময় এক পোস্ট করেছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি আধুনিক ডাটা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশের পর অনেক […]
ছবি: সংগৃহীত
বলিউড সুপারস্টার সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে। তবে এসব গুঞ্জনের মধ্যে নিজের ফিটনেসের ঝলক দেখিয়ে রহস্যময় এক পোস্ট করেছেন ৬০ বছর বয়সী এই অভিনেতা।
সম্প্রতি মুম্বাইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি আধুনিক ডাটা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সালমান খান। অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশের পর অনেক ভক্তের দাবি, অভিনেতাকে আগের তুলনায় বেশ রোগা দেখাচ্ছিল। এরপর থেকেই তার স্বাস্থ্য নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, তিনি জটিল কোনো রোগে ভুগছেন এবং চিকিৎসার জন্য বিদেশেও যেতে চাইছেন না। যদিও এসব দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
এই গুঞ্জনের মধ্যেই রোববার ইনস্টাগ্রামে সাদা-কালো কয়েকটি ছবি পোস্ট করেন সালমান। ছবিতে তাকে চনমনে ও ফিট অবস্থায় দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আপ লোগো কি তাবিয়ত ক্যায়সি হ্যায়?’ (আপনাদের শরীর-স্বাস্থ্য কেমন আছে?)
অনেক ভক্তের মতে, নিজের স্বাস্থ্য নিয়ে সরাসরি কিছু না বললেও এই পোস্টের মাধ্যমে তিনি পরোক্ষভাবে সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। পোস্টটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে ভক্তরা তার সুস্বাস্থ্য কামনা করেন এবং ভিত্তিহীন গুজব না ছড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, অতীতে সালমান খান বিভিন্ন স্নায়বিক ও শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন। তবে সাম্প্রতিক স্বাস্থ্য-সংক্রান্ত গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত তিনি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। বর্তমানে তিনি একাধিক নতুন চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।