সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:৫৭ অপরাহ্ন, ৮ আগস্ট ২০২৬

সালমান শাহর মৃত্যু: রাজসাক্ষী রিজভীর মন্তব্যে মুখ খুললেন শাবনূর

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর অকাল মৃত্যু নিয়ে প্রায় তিন দশক পরও বিতর্ক থামেনি। নতুন করে আলোচনায় এসেছে একসময়ের রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক কিছু বক্তব্য। তার দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে পরস্পরবিরোধী মন্তব্যের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। রিজভীর সাম্প্রতিক বক্তব্যকে ‘অসত্য, বিভ্রান্তিকর ও বানোয়াট’ বলে দাবি করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ […]

সালমান শাহর মৃত্যু: রাজসাক্ষী রিজভীর মন্তব্যে মুখ খুললেন শাবনূর
নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর অকাল মৃত্যু নিয়ে প্রায় তিন দশক পরও বিতর্ক থামেনি। নতুন করে আলোচনায় এসেছে একসময়ের রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদের সাম্প্রতিক কিছু বক্তব্য। তার দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে পরস্পরবিরোধী মন্তব্যের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা শাবনূর।

রিজভীর সাম্প্রতিক বক্তব্যকে ‘অসত্য, বিভ্রান্তিকর ও বানোয়াট’ বলে দাবি করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন শাবনূর। সেখানে তিনি সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে রিজভীর অতীতের বক্তব্য এবং সাম্প্রতিক দাবির মধ্যে থাকা অসঙ্গতিগুলো তুলে ধরেন।

শাবনূর জানান, ১৯৯৭ সালে আদালতে দেওয়া জবানবন্দিতে রিজভী সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। তার দাবি অনুযায়ী, ১২ লাখ টাকার বিনিময়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে হত্যার পরিকল্পনায় আরও কয়েকজনের সঙ্গে রিজভী জড়িত ছিলেন।

শাবনূরের ভাষ্য অনুযায়ী, অন্য একটি মামলায় সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী ওরফে বিল্টুকে অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তারের পর ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দেন রিজভী। সে সময় তিনি প্রায় নয় মাস কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে যুক্তরাজ্যে চলে যান বলেও নিজের বক্তব্যে জানিয়েছিলেন।

শাবনূর আরও বলেন, যুক্তরাজ্যে অবস্থানকালে প্রকাশিত একটি ভিডিও বার্তাতেও রিজভী সালমান শাহর মৃত্যুর ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন। কিন্তু ২০১৯ সালে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সম্পূর্ণ ভিন্ন দাবি করেন। তখন তিনি বলেন, সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং এটি আত্মহত্যা ছিল।

সম্প্রতি ‘আরজে নীরব’ ও ‘সময় টিভি’কে দেওয়া পৃথক সাক্ষাৎকারেও রিজভী একই ধরনের দাবি করেছেন বলে জানান শাবনূর। এসব বক্তব্যে তিনি সালমান শাহর মৃত্যুর জন্য তার মা নীলা চৌধুরীকেও দায়ী করেছেন বলে অভিযোগ করেন শাবনূর। একই সঙ্গে এবার তার বিরুদ্ধেও নানা অভিযোগ তোলা হয়েছে বলে জানান এই অভিনেত্রী।

রিজভীর বক্তব্যের এই পরিবর্তন নিয়েই প্রশ্ন তুলেছেন শাবনূর। তার মতে, একই ব্যক্তি যদি একই ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী বক্তব্য দেন, তাহলে তার সর্বশেষ বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।

শাবনূর বলেন, গত জুলাইয়ে দেওয়া দুটি সাক্ষাৎকারেও রিজভীর বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে। তার ভাষ্য, রিজভীর বক্তব্যগুলো পর্যালোচনা করলে সেগুলো সাংঘর্ষিক, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হতে পারে।

রিজভীর সঙ্গে নিজের কথিত সম্পর্কের বিষয়েও তীব্র আপত্তি জানিয়েছেন শাবনূর। তিনি বলেন, ‘আরজে নীরব’কে দেওয়া এক সাক্ষাৎকারে রিজভী দাবি করেছেন, তিনি নাকি শাবনূরকে ভালোবাসতেন এবং তাকে বিয়েও করতে চেয়েছিলেন। অথচ প্রায় একই সময়ে ‘সময় টিভি’কে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি শাবনূরকে তার সাবেক প্রেমিকা হিসেবে দাবি করেছেন এবং ২০১৬ সালে তাদের বিয়ে ও ২০১৮ সালে বিচ্ছেদ হয়েছে বলেও উল্লেখ করেছেন।

এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে শাবনূর বলেন, রিজভী ১৯৯৯ সাল থেকেই যুক্তরাজ্যে বসবাস করছেন এবং তার নিজের বক্তব্য অনুযায়ী ওই সময়ের পর বাংলাদেশে আসেননি। অন্যদিকে, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিনিও যুক্তরাজ্যে যাননি। ফলে তাদের কথিত বিয়ে কোথায় এবং কীভাবে হয়েছিল—এমন প্রশ্ন তোলেন তিনি।

শাবনূর আরও বলেন, ওই সময়ের অনেক আগেই তিনি বিবাহিত ছিলেন। রিজভীর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তো দূরের কথা, তাকে তিনি কখনো দেখেছেন বলেও মনে করতে পারেন না। তার ভাষায়, এসব বক্তব্য শুনে মনে হচ্ছে, বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো রিজভীর ‘স্বপ্নের বাসর’ হয়েছিল।

সালমান শাহকে ব্ল্যাকমেইল করা কিংবা তার পরিবারের মধ্যে বিভেদ তৈরির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর বলে দাবি করেছেন শাবনূর। তিনি জানান, রিজভীকে তিনি কখনো দেখেননি এবং তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও ছিল না।

শাবনূর বলেন, সালমান শাহ তার অত্যন্ত প্রিয় সহশিল্পী ছিলেন এবং বড় ভাইয়ের মতো ছিলেন। তার মৃত্যুর সঙ্গে নিজের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

রিজভী হঠাৎ করে এমন বক্তব্য দেওয়ার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন শাবনূর। তার ধারণা, সালমান শাহর মৃত্যুর মামলা নতুন করে আলোচনায় আসার প্রেক্ষাপটে কোনো পক্ষের প্ররোচনা বা আর্থিক প্রলোভনে পড়ে প্রকৃত ঘটনা আড়াল করার উদ্দেশ্যে এসব বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হতে পারে।

সবশেষে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন শাবনূর। তিনি বলেন, এই ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ