সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:৪৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার সময় আবারও বাড়াল আদালত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ফের পিছিয়েছে আদালত। তার সাবেক স্ত্রী সামীরা হক ও খলনায়ক ডনসহ মোট ১১ জনের বিরুদ্ধে দায়ের করা এ মামলায় আগামী ৯ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন […]

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার সময় আবারও বাড়াল আদালত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ফের পিছিয়েছে আদালত। তার সাবেক স্ত্রী সামীরা হক ও খলনায়ক ডনসহ মোট ১১ জনের বিরুদ্ধে দায়ের করা এ মামলায় আগামী ৯ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন ধার্য করেন।

মামলার সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন প্রতিবেদন জমার কথা থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে না পারায় শুনানি শেষে সময় বাড়ানো হয়।

এই মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন— সামীরা হকের মা লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

মামলার বাদীপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় আদালত নতুন করে সময় নির্ধারণ করেছেন।

এর আগে গত বছরের ২০ অক্টোবর আদালত সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে করা অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওই আদেশের পরপরই মধ্যরাতে তার মা নীলা চৌধুরীর পক্ষে মামলার বাদী হিসেবে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তখন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরের বছর ২৪ জুলাই সেই মামলাকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানানো হলে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি আদালতে যে চূড়ান্ত প্রতিবেদন দেয়, তাতে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়। পরে ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালত সেই প্রতিবেদন গ্রহণ করেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন মামলা করেন সালমান শাহর বাবা।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। প্রায় ১১ বছর পর, ২০১৪ সালের ৩ আগস্ট বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা পড়ে, যেখানে মৃত্যুকে আবারও অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়।

পরবর্তীতে কমরউদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর মামলার বাদী হিসেবে অন্তর্ভুক্ত হন সালমান শাহর মা নীলা চৌধুরী। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন। এরপর পিবিআই মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ৩১ অক্টোবর প্রতিবেদন জমা দেয় এবং আদালত মামলাটি নিষ্পত্তি করেন।

তবে ২০২২ সালের ১২ জুন সেই আদেশের বিরুদ্ধে দায়ের করা রিভিশন মামলার ফলে মামলাটি পুনরায় সচল হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ