হরমুজ প্রণালির দিকে একটি মার্কিন যুদ্ধজাহাজ অগ্রসর হওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর ছেড়ে একটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজের দিকে এগোতে শুরু করলে সেটি ইরানের সশস্ত্র বাহিনীর নিবিড় নজরদারিতে আসে। খবর বিবিসি বাংলা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি দ্রুত পাকিস্তানে অবস্থানরত ইরানি আলোচক দলকেও […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালির দিকে একটি মার্কিন যুদ্ধজাহাজ অগ্রসর হওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর ছেড়ে একটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজের দিকে এগোতে শুরু করলে সেটি ইরানের সশস্ত্র বাহিনীর নিবিড় নজরদারিতে আসে। খবর বিবিসি বাংলা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি দ্রুত পাকিস্তানে অবস্থানরত ইরানি আলোচক দলকেও জানানো হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের গুরুত্বপূর্ণ পর্ব চলছে।
এদিকে অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ মার্কিন কর্মকর্তাদের বরাতে দাবি করেছেন, কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ ইতোমধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম এক অজ্ঞাতনামা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই দাবি সরাসরি নাকচ করেছে।
আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিক ও ভেসেল ফাইন্ডার-এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মাইকেল মারফি আজ দুবাইয়ের জেবেল আলি বন্দর থেকে যাত্রা শুরু করে হরমুজ প্রণালির পশ্চিমাংশের কাছাকাছি পৌঁছেছে।
ট্র্যাকিং ডেটা অনুযায়ী, জাহাজটির গন্তব্য হিসেবে সিঙ্গাপুর দেখানো হয়েছে। যদিও চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে এই রুটকে ঘিরে কৌশলগত নানা ব্যাখ্যা সামনে আসছে।
বিশেষ তাৎপর্য হলো, এই অগ্রযাত্রা এমন এক সময়ে ঘটছে যখন তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা মার্কিন ও ইসরায়েলি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেবে না।
ফলে বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনা চললেও হরমুজকে ঘিরে সামরিক অবস্থান এখনো অত্যন্ত স্পর্শকাতর রয়ে গেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হওয়ায় এই প্রণালিতে যেকোনো সামরিক তৎপরতা আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তায় তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।