দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় জরুরি বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। আজ রোববার সকাল ৯টা থেকে প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উচ্চঝুঁকির উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা […]
ছবি: সংগৃহীত
দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় জরুরি বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। আজ রোববার সকাল ৯টা থেকে প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উচ্চঝুঁকির উপজেলায় এ কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। আগে নিয়মিত টিকা নেওয়া শিশুরাও এতে অংশ নিতে পারবে। একাধিকবার টিকা নিলেও এতে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও যেসব এলাকায় সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেখানে দ্রুত প্রতিরোধ গড়ে তুলতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে উচ্চঝুঁকির এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় শিশুদের হাম-রুবেলা টিকার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুলও দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তীতে ধাপে ধাপে দেশের অন্যান্য এলাকাতেও এই টিকাদান কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী আহ্বান জানান, নির্ধারিত বয়সের সব শিশুকে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করতে।