দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় স্বস্তি পেলেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত কর ফাঁকির অভিযোগ থেকে তাকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারকে তার কাছ থেকে আদায় করা প্রায় ৫৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬৫ কোটি টাকা, সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, স্পেনের কর কর্তৃপক্ষ […]
ছবি: সংগৃহীত
দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় স্বস্তি পেলেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত কর ফাঁকির অভিযোগ থেকে তাকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারকে তার কাছ থেকে আদায় করা প্রায় ৫৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬৫ কোটি টাকা, সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, স্পেনের কর কর্তৃপক্ষ শাকিরার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। কর বিভাগ দাবি করেছিল, ২০১১ সালে তিনি স্পেনে অন্তত ১৮৩ দিন অবস্থান করেছিলেন, যা দেশটিতে করদাতা হিসেবে গণ্য হওয়ার জন্য নির্ধারিত সময়সীমা।
তবে আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই বছর শাকিরা স্পেনে মোট ১৬৩ দিন ছিলেন। অর্থাৎ কর আইনে নির্ধারিত সীমার চেয়ে ২০ দিন কম সময় অবস্থান করেছিলেন তিনি। এ কারণে তার বিরুদ্ধে আরোপিত কর ও জরিমানাকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
ফেরতযোগ্য অর্থের মধ্যে রয়েছে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং প্রায় ২৫ মিলিয়ন ইউরো জরিমানা। বাকি অর্থ সুদ ও অন্যান্য খাতে যুক্ত হয়েছে বলে জানা গেছে।
রায়ের পর দেওয়া এক বিবৃতিতে শাকিরা বলেন, বহু বছরের মানসিক চাপ ও সুনাম ক্ষুণ্ন করার প্রচেষ্টার পর অবশেষে সত্য প্রকাশ পেয়েছে। তিনি অভিযোগ করেন, গত আট বছর ধরে পরিকল্পিতভাবে তাকে জনসমক্ষে অপরাধীর মতো উপস্থাপন করা হয়েছে।
বিশ্বখ্যাত এই গায়িকা আরও বলেন, দীর্ঘ এই আইনি প্রক্রিয়া তার ব্যক্তিগত জীবন, স্বাস্থ্য এবং পরিবারের ওপর বড় প্রভাব ফেলেছে। তার দাবি, শুরু থেকেই প্রশাসন জানত যে কর ফাঁকির অভিযোগের পক্ষে শক্ত কোনো প্রমাণ নেই।
বিশ্লেষকদের মতে, স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে আন্তর্জাতিক তারকাদের বিরোধ নতুন নয়। অতীতেও একাধিক ফুটবলার ও সংগীতশিল্পী একই ধরনের তদন্ত ও মামলার মুখোমুখি হয়েছেন। তবে শাকিরার এই রায়কে বড় আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।