অভিনেত্রী নাজিফা তুষি ‘হাওয়া’ এর সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে। ছবিটি নির্মাণ করছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। নির্মাতার তথ্য অনুযায়ী, গত বছরই ছবিটির শুটিং শেষ হয়েছে এবং এখন চলছে সম্পাদনার কাজ। নাজিফা তুষির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। পাশাপাশি আছেন অভিজ্ঞ অভিনেতা গাজী রাকায়াত। পরিচালক জানিয়েছেন, খুব […]
অভিনেত্রী নাজিফা তুষি ‘হাওয়া’ এর সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছেন নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে। ছবিটি নির্মাণ করছেন পরিচালক মেজবাউর রহমান সুমন।
নির্মাতার তথ্য অনুযায়ী, গত বছরই ছবিটির শুটিং শেষ হয়েছে এবং এখন চলছে সম্পাদনার কাজ। নাজিফা তুষির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। পাশাপাশি আছেন অভিজ্ঞ অভিনেতা গাজী রাকায়াত।
পরিচালক জানিয়েছেন, খুব শিগগিরই ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে এবং এরপরই মুক্তি পাবে ট্রেলার। সব পরিকল্পনা ঠিকঠাক থাকলে আগামী জুন–জুলাইয়ের কোনো এক সময় বড় পর্দায় দর্শক দেখতে পাবেন ‘রইদ’। তবে দেশের সামাজিক রাজনৈতিক পরিস্থিতি মুক্তির সময় কিছুটা পরিবর্তন করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হলেও ছবিতে উঠে এসেছে নানাধরনের সামাজিক ও সাংস্কৃতিক দিক। বেশির ভাগ শুটিং হয়েছে সিলেটের সুনামগঞ্জে; তবে নির্মাতার ভাষ্য, গল্পটি কোনো নির্দিষ্ট অঞ্চলের নয়—বরং দেশের বিভিন্ন এলাকার মানুষের অভিজ্ঞতা ও সংস্কৃতিকে তুলে ধরবে।
এই প্রজেক্টে বেশ কিছু নতুন মুখ প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তাদের জন্য ছিল দীর্ঘ ছয় মাসের প্রস্তুতি ও প্রশিক্ষণ। এছাড়া খুলনা ও যশোরের পরিচিত থিয়েটার শিল্পীরাও অংশ নিয়েছেন দৃশ্যধারণে।
উল্লেখ্য, প্রায় চার বছর আগে ‘রইদ’-এর প্রাথমিক ঘোষণা এসেছিল। তখন অভিনেত্রী জয়া আহসান প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন এবং ছবি নির্মাণের জন্য সরকারি অনুদানও পেয়েছিলেন। পরে কাজ শুরুতে বিলম্ব হওয়ায় তিনি অনুদান ফেরত দেন। বর্তমানে ছবিটি প্রযোজনা করছে বঙ্গ, আর সহ–প্রযোজক হিসেবে আছে সুমনের নিজের প্রতিষ্ঠান ফেসকার্ড প্রডাকশন।