দক্ষিণ–পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে মার্কিন র্যাপার উইজ খলিফাকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়। রোমানিয়ার জাতীয় সংবাদ সংস্থা অ্যাগারপ্রেস–এর বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমতিহীনভাবে বিপজ্জনক মাদক রাখার দায়ে পিটসবার্গের এই র্যাপারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ঘটনাটি […]
দক্ষিণ–পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে মার্কিন র্যাপার উইজ খলিফাকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়।
রোমানিয়ার জাতীয় সংবাদ সংস্থা অ্যাগারপ্রেস–এর বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমতিহীনভাবে বিপজ্জনক মাদক রাখার দায়ে পিটসবার্গের এই র্যাপারকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত বছর রোমানিয়ার কোস্টিনেস্তি শহরে অনুষ্ঠিত জনপ্রিয় সংগীত উৎসব ‘বিচ, প্লিজ’ কনসার্টে। সেখানে পারফর্ম করার সময় মঞ্চেই প্রকাশ্যে মাদক সেবন করেন উইজ খলিফা। ওই ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রাথমিকভাবে আদালত তাকে ৩ হাজার ৬০০ রোমানিয়ান লেই (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬ হাজার টাকা) জরিমানা করেছিলেন। তবে রাষ্ট্রপক্ষের আপিলের পর সেই রায় বাতিল করে সরাসরি কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না উইজ খলিফা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় একটি কনসার্টে পারফর্ম করেছেন। এ বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১০ বার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পী তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তবে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, হাজারো দর্শকের সামনে তার এমন আচরণ অবৈধ কার্যক্রমকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করে, যা তরুণ প্রজন্মকে মাদক গ্রহণে উৎসাহিত করতে পারে।
উল্লেখ্য, উইজ খলিফার প্রকৃত নাম থমাস ক্যামেরন জিব্রিল। ‘ব্ল্যাক অ্যান্ড ইয়েলো’ ও ‘সি ইউ অ্যাগেইন’–এর মতো বিশ্বব্যাপী জনপ্রিয় গানের জন্য তিনি পরিচিত। দীর্ঘদিন ধরেই গাঁজা সেবনের বিষয়ে তিনি প্রকাশ্য অবস্থান নিয়ে আসছেন। ২০১৬ সালে তিনি নিজস্ব একটি মারিজুয়ানা ব্র্যান্ডও চালু করেন।