জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণসহ মোট ২২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ […]
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণসহ মোট ২২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৩টি প্রকল্পের। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে আসবে ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।
একনেক সভায় অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প। দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি (স্থলবন্দর)–ডুগডুগি–ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণসহ তিনটি গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যমান সরু ও জরাজীর্ণ কালভার্ট পুনর্নির্মাণ এবং বাজার এলাকায় রিজিড পেভমেন্ট ও ড্রেন নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
এছাড়া ঢাকা (কাঁচপুর)–সিলেট–তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আটটি ১৫ তলা ভবনে ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ, ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন এবং সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্পও রয়েছে তালিকায়।
এর বাইরে জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন, পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের অবকাঠামো উন্নয়ন, সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অবকাঠামোগত উন্নয়ন এবং কোনাবাড়ি, গাজীপুরে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।